সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে সারের অধিক মূল্য নেয়ার প্রতিবাদে বিক্ষোভ

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
শিবগঞ্জে সারের অধিক মূল্য নেয়ার প্রতিবাদে বিক্ষোভ

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি সারের মূল্য নেয়ার অভিযোগে বিক্ষোভ করেছে স্থানীয় কৃষকরা। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় কৃষি বিভাগ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে মনাকষা বাজারের বলরাম ও শ্রী প্রভাত কুমারের সারের দোকানে ইউরিয়া সার সরকার নির্ধারিত ৮শ’ টাকার পরিবর্তে ৮শ’ ৫০ টাকা এবং ডিএপি সার ১২শ’ ৫০ টাকার পরিবর্তে ১৪শ’ ২০ টাকা নেয়ার প্রতিবাদে একই উপজেলার নামোজগন্নাথপুর গ্রামের কৃষক আবদুর রাকিব, মাহিদুর রহমান এবং লিয়াকত আলী বিক্ষোভ আরম্ভ করলে এ খবর পেয়ে সেখানে আরও অন্তত ২৫-৩০ জন কৃষক এসে তাদের সাথে বিক্ষোভে যোগ দেয়।

 

পরে খবর পেয়ে উপজেলা কৃষি অফিস এবং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এসময় ওই দুই সারের দোকানদারকে নায্য মূল্যে সার বিতরণের নির্দেশ দেয়া হয়।

 

এ ব্যাপারে অভিযুক্ত সার দোকান মালিক বলরাম জানান, তারা অধিক মূল্যে সার কেনায় অধিক মূল্যে বিক্রি করছেন। তাছাড়া সারের প্রায় বস্তায় ৪-৫ কেজি করে সার গোটা থাকায় সেসব সার কৃষকরা নিতে না চাওয়ায় লোকসান ঠেকাতে এ অতিরিক্ত মূল্য নেয়া হচ্ছে। একই ধরণের মন্তব্য করেন অপর সার দোকান মালিক প্রভাত কুমার।

 

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুজ্জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

স/অ