সিল্কসিটিনিউজ ডেস্ক:
কিশোরগঞ্জের ইটনায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে অভিযান চালিয়ে ১৫৮ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় নিয়মিত মামলা করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার এলংজুরী ইউনিয়নের মর্দাপাড়া এলাকায় রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয়।
জব্দ করা সারের মধ্যে রয়েছে ৮০ বস্তা ইউরিয়া, ৭৫ বস্তা ফসফেট ও ৩ বস্তা পটাশ সার। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরে জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তা ও এলংজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুবেলের হেফাজতে রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় সার মজুতের তথ্য পেয়ে প্রশাসন এ অভিযান চালায়। তবে এসব সার কারা, কোথা থেকে সংগ্রহ করে এবং কী উদ্দেশে মজুত করেছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কুমার হালদার বলেন, জব্দ করা সারের উৎস ও বৈধতা যাচাই করা হবে। কৃষকদের জন্য বরাদ্দ করা সার নির্ধারিত নিয়মে বিতরণের কথা। কেউ নিয়মবহির্ভূতভাবে সার মজুত করে বেশি দামে বিক্রির উদ্দেশে গুদামজাত করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এলংজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুবেল জানান, জব্দ করা ১৫৮ বস্তা সার তার হেফাজতে রাখা হয়েছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সেগুলো নিরাপদে সংরক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তাকে নিয়মিত মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানের সময় কাউকে পাওয়া যায়নি।










