ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষমতাশীন দল আওয়ামী লীগ ও যুবলীগের দুই ক্যাডারসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে শিবগঞ্জ থানার এসআই লুৎফর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিনোদপুর সাধারীটোলা গ্রামের আলহাজ্ব মহসিন আলীর ছেলে ও বিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম ওরফে ডুডু ও কালিগঞ্জ গ্রামের মৃত লাল চাঁনের ছেলে আহসান হাবিব ওরফে টিটোন বাবুকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে গত বছর ২৯ অক্টোবর খাসেরহাট এলাকায় ক্ষমতাশীন দল আওয়ামী লীগের স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্র“পের নেতৃত্বে দানকারী শরিফুল ও টিটোন বাবু লুটপাট, অগ্নিসংযোগ, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ মামলা রয়েছে। ওইদিন পুলিশ শরিফুল ইসলাম ও টিটোন বাবুর হেফাজতে থাকা ৮টি ককটেল উদ্ধার করে। পরদিন পুলিশ বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। তারা দু’জন দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে চাঁদবাজিসহ বিভিন্ন ধরণের অপকর্ম করে আসছিল।
অপরদিকে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আজিজুল, আলমগীর, কেতাবআলী ও আনোয়ার হোসেনসহ ১২ জনকে আটক করা হয়। আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
স/শ









