জাতীয়

লাশের গোসলঘর নির্মাণ নিয়ে সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাজধানীর পল্লবী এলাকায় মরদেহ গোসল করানোর জন্য গোসলঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার পর মিরপুরের তালাব ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, বিহারি ক্যাম্পে মরদেহ গোসলের জায়গা নির্মাণে বাধা দিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পাঁচ রাউন্ড গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন।

স্থানীয় একাধিক বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, পল্লবীর তালাব ক্যাম্পের ১১ নম্বর ব্লকের ৪ নম্বর লাইনে মরদেহ গোসল করানোর জন্য গোসলঘর তৈরিকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, এ ঘটনার নেপথ্যে বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কু জড়িত।

ক্যাম্পে নিজের অস্তিত্ব ধরে রাখতে তিনি বাসিন্দাদের মরদেহ গোসল করানোর জন্য জায়গা তৈরিতে বাধা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া গোসলঘর নির্মাণ করতে আসা জামায়াতের কর্মীদের ওপর ফাক্কুর নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ করেছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রগুলো জানায়, সংঘর্ষের সময় জামায়াতের কর্মী মানিক ও সুমনের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী এবং ফাক্কুর নেতৃত্বে বিএনপি ও ছাত্রদলের প্রায় ২০০ থেকে ৩০০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর মধ্যে ক্যাম্পের বিএনপি নেতা ফাক্কুর নেতৃত্বে সশস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন, তা আমাদের জানা নেই। এ ঘটনায় ক্যাম্পের ভেতর গোলাগুলি হয়েছে বলে শুনেছি। তবে আমরা এখনো এর সত্যতা পাইনি।

তিনি আরো বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।