লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলায় নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মো. রাফি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাফি উপজেলার বিজয়পুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাত (১৫ আগস্ট) আনুমানিক দেড়টার দিকে নিজ বসতবাড়িতে ঘুমন্ত অবস্থায় রাফিকে একটি বিষধর সাপ দংশন করে। বিষের যন্ত্রণায় শিশুটি জেগে উঠলে পরিবারের লোকজন সাপে কাটার বিষয়টি টের পান এবং ঘরের দরজা খুলে সাপটিকে দেখতে পান।
তাৎক্ষণিকভাবে গ্রামবাসীদের সহায়তায় মুমূর্ষু অবস্থায় রাফিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর গত ১৫ আগস্ট রাত ১০টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শিশুর মৃত্যুর ঘটনায় রোববার (১৬ আগস্ট) থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। শিশুটির মৃত্যুতে পরিবার বা স্বজনদের কোনো অভিযোগ বা সন্দেহ নেই। তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে অবুঝ শিশু রাফির এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং পুরো বিজয়পুর গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া









