নিজস্ব প্রতিবেদক :
নাটোরের নলডাঙ্গা উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি হালতিবিল। বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসু মানুষ ছুটে আসেন এই বিলের সৌন্দর্য উপভোগ করতে। অনেকের কাছেই বর্ষায় হালতিবিল হয়ে ওঠে ‘মিনি কক্সবাজার’।
সম্প্রতি হালতিবিল পরিদর্শন করেছেন পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় তিনি হালতিবিলকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামমিউজ্জামানসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ৩০ জুলাই ২০২৬ তারিখে ‘হালতিবিল সংরক্ষণ ও পর্যটন বিকাশ’ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, হালতিবিলে ঘুরতে আসা পর্যটকদের সুবিধার্থে নৌকার ভাড়া নির্ধারণ করে দেয় উপজেলা প্রশাসন।
তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নির্ধারিত ভাড়ার বাইরে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের ঘটনা ঘটছে। এ নিয়ে হালতিবিলে নৌকা ভাড়াকে কেন্দ্র করে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ করেছেন তারা। অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেটের কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন দূর-দূরান্ত থেকে আসা পর্যটক ও দর্শনার্থীরা।
পর্যটকদের অভিযোগ, নৌকা ভাড়া নিয়ে স্বচ্ছতা না থাকায় অনেকেই অতিরিক্ত টাকা দিতে বাধ্য হচ্ছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কেউ কেউ হালতিবিল থেকে বিরক্ত হয়ে ফিরে যাচ্ছেন।
স্থানীয়দের দাবি, পর্যটন সম্ভাবনাময় হালতিবিলকে রক্ষা করতে হলে নৌকা ভাড়া নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর নজরদারি প্রয়োজন। অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া না হলে অচিরেই পর্যটকদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে এবং হালতিবিলের পর্যটন সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তাদের দাবি, নির্ধারিত ভাড়া কার্যকর করা, নৌকা পরিচালনায় শৃঙ্খলা আনা এবং পর্যটকদের হয়রানি বন্ধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।









