সিল্কসিটিনিউজ ডেস্ক:
মার্কিন সিনেটর জন ম্যাককেইন সতর্ক করে বলেছেন, রুশ সাইবার হামলা মোকাবিলা করার জন্য তৈরি নয় ট্রাম্প প্রশাসন। এক ফাঁস হওয়া অডিও বার্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

ওই ফাঁস হওয়া অডিও বার্তায় ম্যাককেইন ফিলাডেলফিয়ায় বলছেন, রুশ সাইবার হামলা মোকাবিলার জন্য ‘আমাদের না আছে নীতি, আর না আছে কৌশল’। তিনি আরও বলেন, ‘সাইবার ব্যবস্থাপনার ক্ষেত্রে তারা (রাশিয়া) আমাদের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙা সহজ না হলেও সাইবার ব্যবস্থাপনা ভেঙে ফেলা অনেক সোজা।’
ম্যাককেইন ওই অডিও টেপে আরও বলেন, ‘আমরা জানি যে, রুশ কর্তৃপক্ষ নির্বাচনে হস্তক্ষেপ করেছে।’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কেজিবি অপরাধী’ উল্লেখ করে রাশিয়ার ক্ষেত্রে রোনাল্ড রিগ্যানের ‘শক্তি অর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখা’র নীতিকে সঠিক বলে উল্লেখ করেন ট্রাম্প।
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি সম্পর্কেও আশাবাদী নন ম্যাককেইন। তিনি বলেন, ‘আমি একটি সমন্বিত বিতর্ক করতে পারি, গত ৭০ বছরের মধ্যে আজকের বিশ্ব সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থায় রয়েছে।’
‘ট্রাম্প উত্তর কোরিয়া, ইরান, চীন বা রাশিয়া দ্বারা আক্রান্ত হতে পারেন’, উল্লেখ করে ম্যাককেইন বলেন, ‘পুতিন, ইরান, বা চীনা কর্তৃপক্ষকে এমন এক বার্তা পৌঁছে দেওয়া উচিত যে, মাঠে নতুন এক দল রয়েছে। আর এ ক্ষেত্রে আমার সকল সহকর্মীর সমর্থনই পাশে পাবেন ট্রাম্প।’
সাইবার হামলা মোকাবিলায় মার্কিন ‘সামর্থ্য’ নিয়ে প্রশ্ন তুললেও জাতীয় নিরাপত্তা কর্তৃপক্ষকে ‘অন্যতম শক্তিশালী’ বলে উল্লেখ করেন ম্যাককেইন। তিনি ওই অডিও টেপে প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের প্রশংসাও করেন। সেই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে মাইক ফ্লিনের নিয়োগেরও প্রশংসা করেন ম্যাককেইন।
সূত্র: বাংলা ট্রিবিউন










