জাতীয়

রিয়াজুলের ডায়ালাইসিসের খরচ জোগাতে দিশেহারা পরিবার

নিউজ ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জ্বর দিয়ে শুরু, পরে জন্ডিস। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পর জানা যায়, রিয়াজুল ইসলাম রয়েলের (৩৫) দুই কিডনিই ক্ষতিগ্রস্ত হয়েছে।

লিভারেও সমস্যা দেখা দিয়েছে। এখন জীবন বাঁচাতে সপ্তাহে দুই থেকে তিন দিন ডায়ালাইসিস করাতে হচ্ছে তাকে। কিন্তু চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারের সঞ্চয় শেষ হয়ে গেছে। ধারদেনা করেও আর কুলিয়ে উঠতে পারছে না পরিবারটি।

রিয়াজুল কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কৃষ্ণমঙ্গল গ্রামের বাসিন্দা। গত ৬ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের মেডিসিন বিভাগের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে জ্বরে আক্রান্ত হন রিয়াজুল।

প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নেন। পরে জন্ডিস দেখা দিলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার দুই কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান। এর পর থেকে নিয়মিত ডায়ালাইসিস চলছে।
পরিবারের হিসাবে, প্রতিদিন চিকিৎসা বাবদ প্রায় ৩ হাজার ৫০০ টাকা খরচ হচ্ছে।

ডায়ালাইসিস, ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি এখন আর্থিক সংকটে পড়েছে।

রিয়াজুলের স্ত্রী ও এক ছেলে রয়েছে। ঢাকায় রিকশাচালক ও বাসের হেলপার হিসেবে কাজ করে সংসার চালাতেন তিনি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার আয় বন্ধ।

বড় ভাই আনোয়ারুল ইসলাম রানা বলেন, ‘সামান্য যে সঞ্চয় ছিল, সেটাও চিকিৎসায় শেষ হয়ে গেছে। এখন ধারদেনা করে চিকিৎসা চালাতে হচ্ছে। ভাইকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই। কিন্তু চিকিৎসার খরচ চালানো আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে।’

উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান জানান, চিকিৎসাসংক্রান্ত সব প্রতিবেদন নিয়ে সরকারি সহায়তার জন্য আবেদন করতে পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি নীতিমালার আওতায় তাকে যতটুকু সহায়তা করা সম্ভব, সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে তার সবটুকু দেওয়ার চেষ্টা করা হবে।

রিয়াজুলের চিকিৎসা চালিয়ে নিতে সামর্থ্যবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়েছে পরিবার।

সহায়তা পাঠানোর ঠিকানা:
অগ্রণী ব্যাংক, রংপুর শাখা
সঞ্চয়ী হিসাব: ০২০০০২৪৭২৯৪৯৬
বিকাশ: ০১৭২৮৩৩১৫৮৫।