নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের (কলা অনুষদ) ফল প্রকাশ করা হয়েছে। অাজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস ভবনের নোটিশ বোর্ডে এ ফল প্রকাশ করা হয়। আগামী ৬ নভেম্বর বিজোড় ও ৭ নভেম্বর জোড় রোল নম্বরধারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
কলা অনুষদের ডিন অধ্যাপক এফ এম এ এইচ তাকী স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, মেধাক্রমানুযায়ী বিজোড় রোল নম্বরধারীদের মধ্যে প্রথম ১৫২৪ জন এবং জোড়ের প্রথম ১৫১০ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। আগামী ৬ ও ৭ নভেম্বর যথাক্রমে বিজোড় ও জোর নম্বর ধারীদের সাক্ষাৎকার বিশ্ববিদ্যালয়ের ডিনস্ ভবনে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে।

এছাড়া সাক্ষাৎকারের জন্য নির্বাচিতদের আগামী ৮ নভেম্বরের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক বা সমমান পরীক্ষার নম্বরপত্র ও রেরিস্ট্রেশন কার্ডের মূল কপি এবং ভর্তি পরীক্ষার পরিদর্শকের স্বাক্ষরিত প্রবেশপত্রের মূল কপি নিয়ে আসতে হবে বলেও জানানো হয় নোটিশে।
অন্যদিকে, ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষার জন্য ১৫৫০ জনের (বিজোড় ৮০১ ও জোড় ৭৪৯) এবং নাট্যকলা ও সংগীত বিভাগে ব্যবহারিক পরীক্ষার জন্য যথাক্রমে ৩১৯০ (বিজোড় ১৩৫৪ ও জোড় ১৮৩৬) ও ১৮৬৬ (বিজোড় ৭৫০ ও জোড় ১১১৬) জনের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে।
ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে নভেম্বরের ৫ তারিখ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ ও মমতাজ উদ্দিন কলা ভবনে। নাট্যকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষা নভেম্বরের ১ থেকে ৪ তারিখ পর্যন্ত ওই বিভাগেই অনুষ্ঠিত হবে। আর সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষা নভেম্বরের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত নিজ বিভাগে হবে। নাট্যকলা ও সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষার সময়সূচিরও একটি তালিকা বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।
এ বছর ‘এ’ ইউনিটে ৯৪১ সিটের বিপরীতে ২১ হাজার ২৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
স/আর










