রাজশাহীর খবর

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় রেলের ৪ কর্মী সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও টিটির মারধরের অভিযোগে বাংলাদেশ রেলওয়ের ৪ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এনআরবির চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরাদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

দপ্তরাদেশে বলা হয়, রাজশাহী রেলওয়ে স্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের কমান্ড্যান্ট/সদরের অধীনে দৈনিক হাজিরা দিতে হবে।

এর আগে, রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের গেটে রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুবকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও টিটিরা মারধর করেছেন- এমন অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রেলওয়ে স্টেশন ঘেরাও করেন। শিক্ষার্থীদের ঘেরাওয়ের কারণে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে রেল কর্তৃপক্ষ।