
রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে নওগাঁ-৬ আসনের নৌকা প্রতীকের ইউনিয়ন নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও চেয়ার ভাঙচুর করেছে দৃর্বৃত্তরা। শুক্রবার রাতে রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের বগারবাড়ি বাজারে নৌকার নির্বাচনী অফিসে এ ঘটনাটি ঘটে।
দুর্বৃত্তরা রাতের অন্ধকারে ওই নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করে পোস্টার, কাপড় ও কয়েকটি চেয়ার পুড়ে ফেলেছে। এছাড়া বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এনিয়ে গত কয়েকদিনে এ আসনের রাণীনগর ও আত্রাই উপজেলায় নৌকার তিনটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

পারইল ইউনিয়নের নৌকার নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজু বলেন, নওগাঁ-৬ আসনের নৌকার প্রার্থী আনোয়ার হোসেন হেলালের নির্বাচনী প্রচারণার জন্য ১৯ ডিসেম্বর বগারবাড়ি বাজারে পারইল ইউনিয়ন নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়। এরপর থেকে আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে নেতাকর্মীরা এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। এরই মধ্যে শুক্রবার রাতের অন্ধকারে কে বা কাহারা ওই নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করে পোস্টার, কাপড় ও চেয়ার পুড়ে ফেলেছে। এছাড়া ভাঙচুর করেছে বেশ কয়েকটি প্লাষ্টিকের চেয়ার। ঘটনাটি পুলিশ-প্রশাসনকে জানানো হয়েছে। নেতাকর্মীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









