নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে গণপূর্ত বিভাগের অপহৃত উপসহকারী প্রকৌশলী নফিজ আহমেদকে উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সিএন্ডবির মোড় এলাকায় এ কর্মসূচি পালন করেন গণপূর্ত বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত অপহৃত প্রকৌশলী নফিজ আহমেদকে উদ্ধারের দাবি জানান। তাকে উদ্ধারে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন আন্দোলনকারীরা।
এর আগে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে গণপূর্ত কার্যালয়ের সামনে থেকে দুটি মাইক্রোতে করে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর থেকে নফিজ আহমেদকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

এদিকে নিখোঁজ উপসহকারী প্রকৌশলী নফিজ আহমেদের বাবা আব্দুল মান্নান সন্তানের সন্ধান পেতে মঙ্গলবার রাতেই নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেছেন। তার বাড়ি নগরীর বালিয়াপুকুর এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে গণপূর্ত বিভাগের আরেক উপসহকারী প্রকৌশলী আয়াতুল্লাহ জানান, নগরীর সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত গণপূর্ত অফিস থেকে কাজ শেষ করে সন্ধ্যা পৌনে সাতটার দিকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অফিস থেকে বের হন নফিজ। কিন্তু তিনি অফিস থেকে বের হয়ে প্রধান ফটকের সামনে যাওয়ামাত্র রাস্তায় দাঁড় করা একটি সাদা মাইক্রো ও একটি অ্যাস কালার হাইস মােইক্রোতে করে কয়েকজন দুর্বৃত্ত এসে নফিজ আহমেদকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নগরীর রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ বলেন, নিখোঁজ প্রকৌশলী নফিজকে উদ্ধারের সব চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
স/আর










