ছবিঘর

যে কারণে ‘আশিকি ২’-এর গান আবার গেয়েছিলেন শ্রেয়া

নিউজ ডেস্ক২৩ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বলিউডের জনপ্রিয় সিনেমা আশিকি ২–এর গান ‘সুন রাহা হ্যায় না তু’ আবার রেকর্ড করতে হয়েছিল গায়িকা শ্রেয়া ঘোষালকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

বিলবোর্ড ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রেয়া জানান, প্রথমবার গানটি গাওয়ার সময় নিজের স্বাভাবিক গায়কির ধরন অনুসরণ করেছিলেন তিনি। তবে পরিচালক মোহিত সুরি ও প্রযোজক মুকেশ ভাট তাকে গানটি আবার গাওয়ার অনুরোধ জানান।

এর কারণ ছিল সিনেমার গল্প ও শ্রদ্ধা কাপুর অভিনীত চরিত্রের সঙ্গে গানের গায়কির সামঞ্জস্য। আশিকি ২–এ শ্রদ্ধার চরিত্র আরোহী একজন নবীন গায়িকা।

সিনেমার একটি দৃশ্যে একটি ক্লাব বা বারে গান গাইতে দেখা যায় তাকে। সেখানেই আদিত্য রায় কাপুরের চরিত্রের নজরে আসে সে। তখনো গায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে আরোহী।

শ্রেয়া বলেন, চরিত্রটি তখনো পেশাদার গায়িকা হয়ে ওঠেনি—এই বিষয়টি মাথায় রেখে গানটি সহজভাবে গাওয়া জরুরি ছিল।

নির্মাতারা তাকে বোঝান, চরিত্রটি এখনো গানের প্রশিক্ষণে দক্ষ হয়ে ওঠেনি। তাই গায়কিতে অতিরিক্ত কারুকাজ না রাখাই ভালো।
শ্রেয়া জানান, নির্মাতাদের কথা মেনে গানটি আবার রেকর্ড করেন তিনি। এবার কণ্ঠের বাড়তি কারুকাজ বাদ দিয়ে সহজভাবে গানটি গেয়েছিলেন। তবে কনসার্টে গানটি পরিবেশনের সময় নিজের গায়কির ধরন অনুযায়ী কিছুটা পরিবর্তন করেন তিনি।

২০১৩ সালে মুক্তি পায় আশিকি ২। মোহিত সুরি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেন শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর। সিনেমাটির গানগুলোও শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়।