ছবিঘর

রাশমিকাকে যেভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিজয়

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গল্প নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার নেপথ্যের গল্প শোনালেন বিজয়।

জানালেন, প্রথমে ইতালিতে প্রিয় মানুষটিকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। তবে মনের মতো আংটি খুঁজে না পাওয়ায় শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
‘কফি উইথ করণ’-এর নবম সিজনের আগামী পর্বে হাজির হয়ে এসব কথা জানাবেন বিজয়। অভিনেতার ভাষ্যে, সাধারণত রোমান্টিক মুহূর্ত তৈরির জন্য বিশেষ পরিকল্পনা করেন না তিনি।

তবে রাশমিকার জীবনে বিয়ের প্রস্তাব পাওয়ার কোনো স্মৃতি থাকুক, সেটি চেয়েছিলেন। তাই ইতালি সফরের সময় তাকে প্রস্তাব দেওয়ার কথা ভেবেছিলেন।
এ প্রসঙ্গে বিজয় বলেন, ‘আমি চাইনি, রাশমিকার জীবনে বিয়ের প্রস্তাব পাওয়াকে ঘিরে কোনো গল্পই না থাকুক।’

গত ডিসেম্বরে তাদের ইতালি সফরের স্মৃতিচারণা করে অভিনেতা বলেন, ‘আমি এমনিতে এই ধরনের রোমান্টিক কাজ করি না।

কিন্তু শুধু আমার স্বভাবের জন্য রাশমিকার জীবনে বিয়ের প্রস্তাব পাওয়ার কোনো স্মৃতি থাকবে না, এটা চাইনি। ইতালিতে ওকে প্রস্তাব দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু মনের মতো আংটি খুঁজে পাইনি।’
তবে ইতালিতে পরিকল্পনা ভেস্তে গেলেও রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়নি, এমন নয়। বিজয় জানান, রাজস্থানের উদয়পুরে তাদের বিয়ের অনুষ্ঠানের প্রথম দিনেই প্রিয় মানুষটির সামনে বিশেষ মুহূর্তটি তৈরি করেছিলেন তিনি।

সেদিন ছিল সংগীতের অনুষ্ঠান।
বিজয়ের কথায়, ‘উদয়পুরে আমাদের বিয়ের প্রথম দিনেই আমি ওকে প্রস্তাব দিয়েছিলাম। সে দিন ছিল সঙ্গীতের অনুষ্ঠান।’

সংগীতের অনুষ্ঠান শেষ হওয়ার পর বন্ধুদেরও সেই মুহূর্তের সাক্ষী রাখতে চেয়েছিলেন বিজয়। এ জন্য সবাইকে এক জায়গায় জড়ো হতে বলেন তিনি। এরপর হাঁটু গেড়ে বসে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেন। সেই স্মৃতি মনে করে অভিনেতা বলেন, ‘আমি হাঁটু মুড়ে বসে ওকে বিয়ের প্রস্তাব দিই। আমি চাইনি, জীবনের সেই বিশেষ মুহূর্তটা ওর কাছ থেকে কেড়ে নিতে।’

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বিজয় ও রাশমিকা। এর আগে ২২ ফেব্রুয়ারি আলাদা আলাদা ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে বিয়ের খবর জানান তারা।

২০১৮ সালে ‘গীত গোবিন্দম’ সিনেমায় একসঙ্গে কাজ করার পর থেকেই বিজয় ও রাশমিকার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। পরের বছর ‘ডিয়ার কমরেড’ সিনেমায়ও একসঙ্গে অভিনয় করেন তারা। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে তাদের একসঙ্গে দেখা গেছে। দীর্ঘদিনের সেই সম্পর্কের পরিণতি বিয়েতে গড়ানোয় ভক্তদের কাছেও এই জুটির প্রেমের গল্প বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে।