সিল্কসিটিনিউজ ডেস্ক:
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব শারমিন জোহা শশী। ব্যক্তিগত মুহূর্তের ছবি থেকে শুরু করে নিজের অভিনীত কাজের খবর নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
সম্প্রতি ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশের পাশাপাশি জীবন, ইতিবাচকতা ও নিজেকে ভালোবাসা নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলোর একটিতে শাড়ি পরা অবস্থায় দেখা গেছে শশীকে। ছবির সঙ্গে বয়সের তুলনায় কম বয়সী দেখানোর কারণ ব্যাখ্যা করে তিনি লিখেছেন, ‘আপনাকে আপনার বয়সের তুলনায় কম বয়সী দেখায়। কারণ আপনি হিংসা বা খারাপ শক্তি বয়ে বেড়ান না।

’
শশীর এই বক্তব্যে উঠে এসেছে ইতিবাচক মানসিকতা ধারণ করা এবং নেতিবাচকতা থেকে দূরে থাকার বার্তা। তার মতে, মনের প্রশান্তি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিও মানুষের ব্যক্তিত্বে প্রভাব ফেলে।
জীবনকে সহজভাবে দেখার পরামর্শ দিয়েও আরেকটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, ‘জীবন সহজ হতে পারত, যদি না আমরাই ধরে ধরে পরিস্থিতিগুলোকে জটিল করতাম।
চলুন, জীবন সহজ করি। সবাইকে গোলাপি শুক্রবারের শুভেচ্ছা।’
শশীর এসব পোস্টে ভক্তদের জন্য উঠে এসেছে ইতিবাচক থাকা, অযথা জটিলতা এড়িয়ে চলা এবং নিজের প্রতি যত্নশীল হওয়ার বার্তা। অভিনয়ের বাইরে তার ব্যক্তিগত উপলব্ধিগুলোও যে অনুসারীদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন, সামাজিক মাধ্যমের এসব পোস্টে তারই প্রতিফলন দেখা যায়।
প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক ও গল্পকার জহির রায়হানের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হাজার বছর ধরে’ সিনেমায় টুনি চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন শারমিন জোহা শশী।
২০০৫ সালে মুক্তি পাওয়া সরকারি অনুদানের এই সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেন কোহিনুর আক্তার সুচন্দা। তবে দুই দশকের বেশি সময় ধরে অভিনয়জগতে থাকলেও টুনি চরিত্রের জনপ্রিয়তা এখনো ছাপিয়ে যেতে পারেনি তার অন্য কাজগুলোকে।
এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন শারমিন জোহা শশী। বর্তমানে ‘ঘরে বাইরে’ নাটকে এশা চরিত্রে অভিনয় করছেন তিনি। নাটকটিতে নাবিলের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন এই অভিনেত্রী। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হচ্ছে নাটকটি।









