সিল্কসিটিনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীকে টেনেহিঁচড়ে নিয়ে গেছেন মুখোশধারী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) এজেন্টরা। শনিবার (২১ নভেম্বর) লস অ্যাঞ্জেলেসগামী একটি ফ্লাইটে যাত্রী ওঠার সময় এ ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এ সময় বিমানবন্দরে উপস্থিত অন্য যাত্রী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার কারণে ফ্লাইট ছাড়তেও দেরি হয়।

ঘটনার ভিডিওতে দেখা যায়, আইসিই কর্মকর্তাদের গায়ে কোনো পরিচয়চিহ্নবিহীন জ্যাকেট এবং খাকি রঙের প্যান্ট ছিল। চারপাশে যাত্রীদের লাগেজ ও ট্রলি থাকার মধ্যেই একজনকে মাটিতে ফেলে ধস্তাধস্তি করতে দেখা যায়।
ভিডিওতে আরো দেখা যায়, আইসিই কর্মকর্তারা একজনকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এ সময় পাশে থাকা এক নারী চিৎকার করে বলতে থাকেন, কর্মকর্তারা তার মেয়েকে ধরে নিয়ে যাচ্ছেন এবং তার কাছে কাজের অনুমতিপত্র রয়েছে। পরে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে আইসিইর কর্মকাণ্ড নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়।
আইসিই এক বিবৃতিতে জানায়, মেক্সিকো থেকে আসা অভিবাসী রিকার্ডো ল্যারোন্ডো মেন্ডোজাকে গ্রেপ্তারের জন্য এ অভিযান চালানো হয়।
সংস্থাটির দাবি, তিনি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।
বিবৃতিতে আরো বলা হয়, এ সময় সোফিয়া হার্নান্দেজ মেজিয়া নামে আরেক যাত্রী কর্মকর্তাদের গায়ে গরম কফি ছুড়ে মারেন। তিনিও মেক্সিকো থেকে আসা এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন বলে দাবি করেছে আইসিই। একজন ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হতে পারে।
অনলাইন ফ্লাইটের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও আলাস্কা এয়ারলাইনসের ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি।
সংস্থাটি জানিয়েছে, এ অভিযান চালানোর বিষয়ে আইসিই আগে থেকে তাদের কোনো সতর্কবার্তা দেয়নি।
এক বিবৃতিতে আলাস্কা এয়ারলাইনস বলেছে, ফ্লাইটে যাত্রী ওঠার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন পদক্ষেপে তারা উদ্বিগ্ন। এতে সংশ্লিষ্ট যাত্রী ও কর্মীদের যে দুর্ভোগ পোহাতে হয়েছে, তা তারা উপলব্ধি করছে। প্রতিটি যাত্রীর সঙ্গে মর্যাদা ও সম্মানের সঙ্গে আচরণ করাকে তারা গুরুত্ব দেয় বলেও জানায় সংস্থাটি। আলাস্কা এয়ারলাইনস আরো জানিয়েছে, বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা পোর্ট অব সিয়াটলের সঙ্গে মিলে তারা খতিয়ে দেখছে, এ অভিযানের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে চলা হয়েছিল কি না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও উদ্বেগ জানিয়েছে তারা।
পোর্ট অব সিয়াটল এক বিবৃতিতে বলেছে, এ ঘটনা শুধু সংশ্লিষ্ট পরিবারের জন্য নয়, বিমানবন্দরে থাকা অন্য যাত্রীদের জন্যও ভীতিকর ও পীড়াদায়ক ছিল। ঠিক কী ঘটেছিল, তা জানতে স্থানীয় কর্তৃপক্ষ ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে।
এদিকে ওয়াশিংটন অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নর বব ফার্গুসন আইসিইর এ ধরনের অভিযানকে ‘চরম অ-আমেরিকানসুলভ’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে সংস্থাটি বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (২১ নভেম্বর) শ্রমিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ফার্গুসন বলেন, ভিডিওটি ভয়াবহ ও শিউরে ওঠার মতো। যুক্তরাষ্ট্রের এমন অভিবাসন ও সীমান্ত নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন, যা কার্যকর, নৈতিক ও মানবিক। তার মতে, আইসিই সেই মানদণ্ড পূরণ করছে না এবং সংস্থাটিকে আর সংস্কার করা সম্ভব নয়।
ফার্গুসন আরো বলেন, আইসিই কর্মকর্তারা কিভাবে বিমানবন্দরের যাত্রী ওঠার সংযোগপথে প্রবেশের অনুমতি পেলেন, তা তিনি খতিয়ে দেখছেন। এজেন্টরা গত মার্চে তার স্বাক্ষরিত অঙ্গরাজ্যের একটি আইনও লঙ্ঘন করে থাকতে পারেন বলে তিনি মনে করেন। ওই আইনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মুখ ঢাকার ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল।
এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন শ্রমিক নেতারাও। ওয়াশিংটন স্টেট লেবার কাউন্সিলের (এএফএল-সিআইও) প্রেসিডেন্ট এপ্রিল সিমস জানান, ওই ফ্লাইটে তাদের সংগঠনের সদস্যরাও ছিলেন। তিনি বলেন, যোগাযোগব্যবস্থার ত্রুটির কারণে সারা দেশে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ার কয়েক দিন পর এবং বছরের অন্যতম ব্যস্ত ভ্রমণের সময়ে এ অভিযান চালানো হয়েছে। এতে যাত্রী ও বিমানবন্দর কর্মীদের ভোগান্তি আরো বেড়েছে। তার ভাষায়, বিমানবন্দরের কর্মীরা আগে থেকেই মানসিক চাপের মধ্যে ছিলেন। তিনি আরো বলেন, ‘এমন পরিস্থিতিতে শান্তি ও আস্থা ফিরিয়ে আনার বদলে ফেডারেল এজেন্টরা আরো বেশি ভয় ও বিশৃঙ্খলা তৈরি করলেন।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে আইসিইর গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে। বিশেষ করে যারা অতীতে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন, তাদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছে সংস্থাটি।










