নাটোর

যতই সংকট আসুক না কেন, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না : হুইপ দুলু

নিউজ ডেস্ক১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যতই সংকট আসুক না কেন, যতই ক্রাইসিস আসুক না কেন, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নাটোর শহরের আলাইপুর উপশহর মাঠে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুর কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘জিয়াউর রহমানের হত্যার মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্রকারীরা ভেবেছিল, জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। বিএনপি নিশ্চিহ্ন হয়নি। বিএনপি আরো সংগঠিত হয়েছে। যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না।

তিনি আরো বলেন, ‘১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদ যেদিন ক্ষমতা গ্রহণ করল। আমি সেদিন জেলখানায় চলে গেলাম। ওই অবস্থায় এরশাদ বাংলাদেশের সমস্ত এমপি-মন্ত্রীকে ভাগিয়ে জাতীয় পার্টিতে নিয়ে গিয়েছিল। খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে ছাত্রসমাজের দাবির পরিপ্রেক্ষিতে সেদিন রাস্তায় নেমেছিলেন তিনি।

২০০৭ সালে ওয়ান-ইলেভেন এসে যে খালেদা জিয়াকে জেল দিল। তারেক রহমানকে মামলা দিয়ে দেশ ছাড়তে বাধ্য করল। তারা ভেবেছিল বিএনপি বোধ হয় এবার শেষ হয়ে যাবে।’
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিনসহ বিএনপির নেতারা। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম ও বৃক্ষরোপণ করা হয়।