ধর্ম

ম্যাক্রো ও মাইক্রো অর্থনীতিতে কোরবানির প্রভাব

নিউজ ডেস্ক২১ মে ২০২৬৫ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কোরবানি মূলত একটি ইবাদত। এর মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, তাকওয়া ও আত্মত্যাগের চর্চা।

কিন্তু ইসলামের অন্যান্য ইবাদতের মতো কোরবানিরও বিশেষ সামাজিক ও অর্থনৈতিক প্রভাব রয়েছে। এটি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী একটি মৌসুমি অর্থনৈতিক প্রবাহ। আধুনিক অর্থনীতির ভাষায় কোরবানিকে একটি ‘রিলিজিয়াস ইকোনমিক সাইকেল’ বলা যায়, যা একই সঙ্গে মাইক্রো ও ম্যাক্রো উভয় অর্থনৈতিক স্তরে কার্যকর প্রভাব ফেলে। বর্তমানে অর্থনীতিবিদদের অনেকেই মনে করেন, বাংলাদেশে কোরবানিকেন্দ্রিক অর্থনীতির আকার এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

একসময় এই হিসাব সীমাবদ্ধ ছিল শুধু পশুর বাজারে; কিন্তু এখন এর সঙ্গে যুক্ত হয়েছে পশুখাদ্য, পরিবহন, চামড়া, মসলা, ই-কমার্স, ডিজিটাল পেমেন্ট, ফ্রিজিং, অনলাইন কোরবানি সেবা, খুচরা বাজার এবং মৌসুমি শ্রমবাজারের বিশাল প্রবাহ।
মাইক্রো অর্থনীতিতে কোরবানির প্রভাব
মাইক্রো অর্থনীতি মূলত ব্যক্তি, পরিবার, ক্ষুদ্র উদ্যোক্তা ও স্থানীয় বাজারের অর্থনৈতিক কার্যক্রম বিশ্লেষণ করে। কোরবানি এ স্তরে সবচেয়ে বেশি প্রভাব ফেলে গ্রামীণ অর্থনীতি, ক্ষুদ্র খামারি ও অনানুষ্ঠানিক শ্রমবাজারে। ২০২৫ সালে প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে প্রায় ৯১ লাখ ৩৬ হাজার পশু কোরবানি হয়েছে।

এর মধ্যে গরু-মহিষ প্রায় ৪৭ লাখ এবং ছাগল-ভেড়া প্রায় ৪৪ লাখ। ২০২৪ সালে সেই সংখ্যা ছিল প্রায় এক কোটি চার লাখ। সংশ্লিষ্টরা বলেছেন, দেশে প্রতিবছর কোরবানির বাজার ক্রমাগত বড় হচ্ছে। গত এক দশকে কোরবানির পশুর সংখ্যা বেড়েছে প্রায় ২০ শতাংশ। এত বিপুলসংখ্যক পশুর বড় অংশ উৎপাদন করে দেশের প্রায় ১৭ লাখ ছোট-বড় খামার।

এসব খামারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় এক কোটি মানুষ। ফলে কোরবানি গ্রামীণ অর্থনীতির জন্য একটি মৌসুমি প্রাণশক্তিতে পরিণত হয়েছে।
গ্রামের ছোট কৃষক ও গৃহস্থ পরিবার অনেক সময় চার-পাঁচটি গরু বা কয়েকটি ছাগল লালন করে কোরবানির বাজারে বিক্রি করে। অনেকের কাছে এটি এক ধরনের ‘ফিক্সড ডিপোজিট’ বা সঞ্চয় ব্যবস্থার মতো। বছরজুড়ে পশু লালন-পালনের পর ঈদের বাজারে বিক্রি করে তারা এককালীন বড় অঙ্কের অর্থ পায়। এই অর্থ আবার স্থানীয় বাজারে ব্যয় হয়, ফলে গ্রামীণ অর্থনীতি আরো সক্রিয় হয়ে ওঠে। কোরবানিকে কেন্দ্র করে পশুখাদ্য, খড়, ভুসি, ভ্যাকসিন, পশুচিকিৎসা, দড়ি, বাঁশ, ছুরি, চাপাতি, বঁটি, কাঠের গুঁড়ি, পলিব্যাগ, বরফ, মাংস সংরক্ষণ সামগ্রী ও ফ্রিজিং সেবার বিশাল বাজার তৈরি হয়। শুধু এসব আনুষঙ্গিক পণ্যের বাজারই হাজার কোটি টাকার বেশি বলে ধারণা করা হয়।

অন্যদিকে ঈদুল আজহার সময় অস্থায়ী কর্মসংস্থানের বড় ক্ষেত্র তৈরি হয়। কসাই, সহকারী, পশু পরিবহন শ্রমিক, হাট কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, চামড়া সংগ্রাহক, ডেলিভারি কর্মীসহ লক্ষাধিক মানুষ এই মৌসুমে আয়ের সুযোগ পায়। বিশেষত নিম্নআয়ের মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ মৌসুমি অর্থনৈতিক সহায়তা।

অন্যদিকে কোরবানির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকগুলোর একটি হলো আয়ের পুনর্বণ্টন। ইসলামী শরিয়াহ অনুযায়ী কোরবানির মাংস দরিদ্র ও প্রতিবেশীদের মধ্যে বণ্টনের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে বছরের অন্য সময়ে যাদের পক্ষে পর্যাপ্ত প্রাণিজ আমিষ সংগ্রহ করা কঠিন, তারাও এ সময় পুষ্টিকর খাদ্য গ্রহণের সুযোগ পায়। খাদ্য ও পুষ্টি বিশ্লেষকদের মতে, ঈদুল আজহার সময় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে প্রাণিজ প্রোটিন গ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এটি এক ধরনের স্বতঃস্ফূর্ত বণ্টন প্রক্রিয়া, যা রাষ্ট্রীয় কল্যাণ প্রকল্প ছাড়াই সমাজে খাদ্য বণ্টনের ভারসাম্য তৈরি করে।

ম্যাক্রো অর্থনীতিতে কোরবানির প্রভাব
ম্যাক্রো অর্থনীতি জাতীয় পর্যায়ের উৎপাদন, আয়, ভোগ, কর্মসংস্থান, বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে কাজ করে। কোরবানি এ স্তরেও উল্লেখযোগ্য প্রভাব সৃষ্টি করে। ২০২৪ সালে কোরবানির পশুর বাজারে মোট আর্থিক লেনদেন হয়েছিল প্রায় ৬৯ হাজার কোটি টাকা। অর্থনীতিবিদদের ধারণা, ২০২৬ সালে এই পরিমাণ এক লাখ কোটি টাকা অতিক্রম করতে পারে। পশু ক্রয়-বিক্রয়, পরিবহন, খাদ্য, মসলা, শ্রম, চামড়া, ফ্রিজিং ও খুচরা বাজার—সব মিলিয়ে ঈদুল আজহা জাতীয় অর্থনীতিতে বিশাল ভোগব্যয় ও আর্থিক প্রবাহ তৈরি করে। ঈদুল আজহাকে কেন্দ্র করে পরিবহন খাত ব্যাপক গতিশীল হয়। শহর থেকে গ্রামে মানুষের যাতায়াত, পশু পরিবহন এবং পণ্য সরবরাহের কারণে বাস, ট্রেন, ট্রাক ও লঞ্চ খাতে অতিরিক্ত ব্যবসা সৃষ্টি হয়।

এ সময় মসলা বাজারেও বড় ধরনের চাহিদা তৈরি হয়। এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরা, তেজপাতা, পেঁয়াজ, রসুন ও আদার ব্যবহার কয়েক গুণ বেড়ে যায়। এ ছাড়া ফ্রিজ ও ডিপ ফ্রিজ বিক্রিও এ সময় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ফলে ইলেকট্রনিকসশিল্পও কোরবানিকেন্দ্রিক অর্থনৈতিক প্রবাহের অংশ হয়ে ওঠে। অর্থাৎ আনুমানিক ৭৫ হাজার কোটি টাকার পশু ক্রয়-বিক্রয় ও অন্য আনুষঙ্গিক লেনদেন মিলিয়ে প্রায় এক লাখ কোটি টাকার বাজার তৈরি হয় কোরবানি ঘিরে।

ঈদুল আজহার আগে রেমিট্যান্সও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সরকারি কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি চাকরিজীবী, ব্যাংকার, গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন শ্রেণির মানুষ বোনাস পায়, যা আর্থিক তারল্য এবং বাজারে ভোগব্যয় ও ক্রয়ক্ষমতা বৃদ্ধি করে তোলে। বাংলাদেশের ম্যাক্রো অর্থনীতিতে কোরবানির সবচেয়ে বড় শিল্পভিত্তিক প্রভাব পড়ে চামড়া খাতে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, দেশে বছরে প্রায় ৩০ কোটি বর্গফুট চামড়া সংগ্রহ হয়, যার ৬০-৭০ শতাংশই সংগ্রহ হয় কোরবানির সময়। চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে প্রায় ২৫ হাজার কোটি টাকার ব্যবসা জড়িত। সাভারের চামড়া শিল্পনগরীতে শতাধিক ট্যানারি এবং কয়েক লাখ শ্রমিক এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত। চামড়া থেকে উৎপাদিত জুতা, ব্যাগ, ওয়ালেট, বেল্ট ও জ্যাকেট বিদেশে রপ্তানি করে বাংলাদেশ উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা আয় করে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মানে চামড়া সংরক্ষণ নিশ্চিত করা গেলে বছরে ১০ থেকে ১২ বিলিয়ন ডলারেরও বেশি চামড়াজাত পণ্য রপ্তানি সম্ভব। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, এখনো চামড়া সংরক্ষণ সংকট, ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়া, সিন্ডিকেট, অব্যবস্থাপনা ও পাচারের কারণে জাতীয় সম্পদের বড় অংশ অপচয় হয়। এ ছাড়া করোনাকালের পর অনলাইন কোরবানির বাজারও দ্রুত বিস্তৃত হয়েছে। এখন মোবাইল অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পশু নির্বাচন, অনলাইন পেমেন্ট, জবাই, মাংস প্রসেসিং ও হোম ডেলিভারি সম্পন্ন হচ্ছে। এতে ই-কমার্স, মোবাইল ব্যাংকিং, ডিজিটাল মার্কেটিং ও ডেলিভারি খাতে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে।