সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

মোবাইল ফোনের আলোতে প্রতিবাদ

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
মোবাইল ফোনের আলোতে প্রতিবাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী সরিন গ্রিনডেনুর পদত্যাগ দাবিতে প্রচণ্ড শীত উপেক্ষা করে রোববার রাতে প্রায় এক লাখ লোক রাজধানী বুখারেস্টের রাজপথে অবস্থান নিয়েছে। মোবাইল ফোনের রঙ্গিন আলোতে রোমানিয়ার মানব পতাকা তৈরি করে ‘চোর! পদত্যাগ কর!’ স্লোগান দিয়েছে তারা।

চলতি মাসের প্রথম সপ্তাহে জারি করা একটি সরকারি আদেশে বলা হয়েছিল, ক্ষমতার অপব্যবহার করে কেবল ৪৭ হাজার ৫০০ মার্কিন ডলারের বেশি অর্থের দুর্নীতি করলে সেটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই আদেশের ফলে দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত কয়েক ডজন সরকারি কর্মকর্তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী সরিন গ্রিনডেনুর পক্ষের যেসব কর্মকর্তা দুর্নীতির দায়ে শাস্তি পেয়েছিল তিনি তাদের মুক্তি দেওয়ার চেষ্টা করছেন। তবে সরকারের পক্ষ থেকে এর জবাবে বলা হয়েছে, কয়েদি সংখ্যা ধারণক্ষমতার অতিরিক্ত হয়ে যাওয়ায় কারাগার খালি করার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যাপক বিক্ষোভের পর গত সপ্তাহে সরকার অবশ্য এ আদেশ প্রত্যাহার করেছে। তবে এরপর বিক্ষোভকারীরা খোদ প্রধানমন্ত্রী গ্রিনডেনু সরকারের পদত্যাগ দাবি করেছে।

রোববার ছিল বিক্ষোভের ১৩ তম দিন। রাজধানী বুখারেস্টে সরকারি দপ্তরের বাইরে মিছিল করেছে ৫০ হাজারেরও বেশি বিক্ষোভকারী। এছাড়া দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ করেছে ২০ হাজারেরও বেশি মানুষ। বিক্ষোভে অংশ নেওয়া ৩৩ বছরের ব্যবসায়ী আদরিয়ান টোফান বলেছেন, ‘ আমরা সরকারকে লাল কার্ড দিতে চাই।’ রোববার রাতে সরকারি দপ্তরের বাইরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা ‘চোর! পদত্যাগ কর!’স্লোগান দেয়। এসময় তারা মোবাইল ফোনে নীল, হলুদ ও লাল আলো দিয়ে রোমানিয়ার মানব পতাকা তৈরি করে।

বোগদাদন মলদোভান নামে এক চিকিৎসক বলেছেন, ‘ আমরা এই সরকারের বিদায় চাই। আমরা আর একে বিশ্বাস করি না। তারা আমাদের পশ্চাদমুখী করতে চায়।’

সূত্র: রাইজিংবিডি