জাতীয়

মেহেরপুর সীমান্তে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম।

এর আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
রবিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার নাগারবিল এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুই ব্যক্তির কাছে থাকা ব্যাগ দেখতে চায়। এ সময় তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করেন।

পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন— মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের মো. আসাদুল (৫০) ও মো. জুয়েল হোসেন (৩০)।

বিজিবি জানায়, পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম।

এর বাজারমূল্য প্রায় ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
আটক দুজনকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্তে স্বর্ণসহ বিভিন্ন পণ্যের চোরাচালান, মাদক পাচার ও আন্তসীমান্ত অপরাধ দমনে বিজিবি সতর্ক রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।