সিল্কসিটিনিউজ ডেস্ক:
দ্রুত শক্তি বৃদ্ধি করে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’। এর প্রভাবে রাজ্যের মধ্য ও দক্ষিণ উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় আগামী ২ নভেম্বর পাঁচ জেলায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। জেলাগুলো হলো কৃষ্ণা, গুন্টুর, বাপটলা, প্রকাশম ও এসপিএসআর নেল্লোর। এসব এলাকায় অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ২ ও ৩ নভেম্বর অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চল, রায়ালসীমা ও তেলেঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকা ও ইয়ানামের কিছু স্থানে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এ দুই দিন উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল এক বার্তায় জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মুরাসু’ দ্রুত শক্তি বৃদ্ধি করতে শুরু করেছে। রাতেই প্রবল ঘূর্ণিঝড়ে পারিণত হতে পারে।









