রাজশাহী

এইচএসসিতে শিক্ষা বোর্ড সেরা রাজশাহী

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হারে শীর্ষে রয়েছে রাজশাহী জেলা। এ জেলায় পাসের হার ৫৫ দশমিক ৩৩ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে বগুড়া জেলা, যেখানে পাসের হার ৫৩ দশমিক ৬৪ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার নওগাঁ জেলায়, ৩৬ দশমিক ৯৩ শতাংশ।

রাজশাহী শিক্ষা বোর্ডের জেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, রাজশাহী জেলায় ২৮ হাজার ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৫ হাজার ৫৪০ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৮৫ জন। বগুড়া জেলায় ২৬ হাজার ৭৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৪ হাজার ৩৪১ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩০৯ জন।

পাবনায় ১৮ হাজার ৯৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭ হাজার ৬৪৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৫০ জন। সিরাজগঞ্জে ২২ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮ হাজার ৫৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩০১ জন।

চাঁপাইনবাবগঞ্জে ৯ হাজার ৮২০ জনের মধ্যে পাস করেছেন ৩ হাজার ৭৬৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৪৮ জন। জয়পুরহাটে ৬ হাজার ৫৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২ হাজার ৭২৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৪৫ জন।

ফলাফলে ছেলে ও মেয়েদের পাসের হারে বড় ব্যবধান দেখা গেছে। বোর্ডে ছেলেদের পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ। অন্যদিকে, মেয়েদের পাসের হার ৫৩ দশমিক শূন্য ৩ শতাংশ। অর্থাৎ ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার ১৫ দশমিক ৩২ শতাংশ বেশি।

জেলাভিত্তিক ফলাফলেও প্রতিটি জেলায় ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি। রাজশাহীতে মেয়েদের পাসের হার ৬৩ দশমিক ৩৮ শতাংশ এবং ছেলেদের ৪৯ দশমিক ১৫ শতাংশ। বগুড়ায় মেয়েদের পাসের হার ৬০ দশমিক ৫৩ শতাংশ এবং ছেলেদের ৪৭ দশমিক ৩৫ শতাংশ।