জাতীয়

মৃত্যুর পরও ভাইয়ের হাত ছাড়েনি বোন

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাড়ির পাশে নদীতে নৌকা ভাসিয়ে খেলছিল পাঁচ শিশু। হঠাৎ আবু হাসান (৮) নামের এক শিশু নৌকা থেকে পানিতে পড়ে যায়। ভাইকে বাঁচাতে ঝাঁপ দেয় বড় বোন পলি আক্তার (১২)। এ সময় পলিও পানিতে তলিয়ে যায়।

পরে তাদের বাঁচাতে গিয়ে একে একে পাঁচ শিশু পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে ৪ জনের নিথর দেহ উদ্ধার করে।
উদ্ধারের পর দেখা যায়, নিহত পলি ও আবু হাসান দুই ভাই-বোন একে অপরের গলায় হাত জড়িয়ে ধরা অবস্থায়। তাদের পাশে ছিল ফুফাতো বোন ছায়েবা আক্তার (১২)।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের মাতম।
শনিবার (১ নভেম্বর) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চরভাটিয়ানী কাটাখালী নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করে। এর আগে শুক্রবার সন্ধ্যায় তিনজনের মরদেহ উদ্ধার করে। শুক্রবার বিকেলে পাঁচজন নদীতে নিখোঁজ হয়।

নিহত শিশুরা হলেন— ওই এলাকার প্রবাসী দুদু মিয়ার ছেলে আবু হাসান (৮) ও পলি আক্তার (১২) ও নিহতের ফুফাতো বোন ছায়েবা আক্তার (১২), আজাদের মেয়ে কুলসুম আক্তার (১২)। নিখোঁজ রয়েছে একই এলাকার হোসেন আলীর মেয়ে বৈশাখী আক্তার (১১)।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানায়, ‘শুক্রবার বিকেল ৩টার দিকে কাটাখালী নদীতে নৌকা ভাসিয়ে খেলতে গিয়ে আবু হাসান প্রথমে নৌকা থেকে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে একে একে সবাই পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন নদীতে বিভিন্নভাবে খোঁজাখুঁজি শুরু করেন।

না পেয়ে সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে আবু হাসান ও পলি দুই ভাই-বোনকে গলা জড়িয়ে ধরা অবস্থায় মরদেহ পাওয়া যায়। কিছুক্ষণ পরেই ছায়েবার লাশ উদ্ধার হয়। এরপর শনিবার দুপুরে কুলসুম আক্তারের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ রয়েছে বৈশাখী নামে আরেক শিশু, তাকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের একটি দল।
নিহত পলির স্বজনরা জানান, ‘পলি তার ভাইকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছিল, কিন্তু নিয়তি তাকে ফিরিয়ে আনেনি। মৃত্যুর পরেও সে তার ভাইকে জড়িয়ে ধরা অবস্থায় ছিল।’

নিখোঁজ বৈশাখীর স্বজনেরা বলেন, ‘বৈশাখীর ভাইয়ের শুক্রবার বিয়ের কথা ছিল। দুপুরে নদীতে গোসল করতে গিয়েছিল সে। এ সময় নদীতে নৌকায় করে বাকি শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়েছে। এখন পর্যন্ত তার মরদেহ উদ্ধার হয়নি।

জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন নিখোঁজ রয়েছেন। চারজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’