নিজস্ব প্রতিবেদক :
মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহীর পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেছেন, মাদকের চেয়েও দুর্নীতি সমাজের বড় ব্যাধি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

মাদকের ভয়াবহতা তুলে ধরে এমপি মিলন বলেন, মাদকের কারণে সন্তানদের হাতে মা-বাবা হত্যার মতো হৃদয়বিদারক ঘটনা ঘটছে। সম্প্রতি মোহনপুরেও এমন ঘটনা ঘটেছে। গত সংসদ অধিবেশনে এ বিষয়ে কঠোর আইন পাস হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন আইনে অপরাধীদের সহজে জামিন পাওয়ার সুযোগ সীমিত করা হয়েছে। পাশাপাশি সাজার মেয়াদ বাড়িয়ে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে।
পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন, পুলিশ বর্তমানে অনেকটা অসহায় অবস্থায় রয়েছে। ইতোমধ্যে দুবার তাদের পোশাক পরিবর্তন করা হয়েছে। তবে শুধু পোশাক পরিবর্তন করলেই হবে না, কাজের ধরন ও মানসিকতারও পরিবর্তন আনতে হবে। পুলিশ ছাড়া রাষ্ট্র চলতে পারে না উল্লেখ করে তিনি পুলিশ সদস্যদের মানসিকতার পরিবর্তন ঘটিয়ে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
সাম্প্রতিক সময়ে আলোচিত ‘ম্যাগনেট গ্রুপ’ প্রসঙ্গে এমপি মিলন বলেন, তারা চোরাই পথে দেশত্যাগ করেনি; বরং সরকারিভাবে চার্টার্ড বিমানে করে স্বেচ্ছায় দেশ ছেড়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন নিজস্ব গতিতে চলবে।
ফসলি জমিতে পুকুর খননের বিরোধিতা করে তিনি বলেন, কৃষিজমি নষ্ট করে কোনোভাবেই পুকুর খনন করতে দেওয়া হবে না। যেসব জমিতে ইতোমধ্যে পুকুর খনন করা হয়েছে, সেগুলোর শ্রেণি পরিবর্তনে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। অবৈধ পুকুর খনন বন্ধ হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে উল্লেখ করে বিদ্যমান পুকুরগুলো সংস্কারের ওপর গুরুত্ব দেন। পুকুর খননকে কেন্দ্র করে সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাঁদের বক্তব্য তুলে ধরেন।
পরে এমপি মিলন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও হাত ধোয়ার প্রদর্শনীতে অংশ নেন।
এ ছাড়া ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও তত্ত্বাবধায়কদের প্রশিক্ষণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে তিনি বলেন, ফ্যামিলি কার্ড তৈরি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ কাজ করতে গিয়ে নানা প্রতিবন্ধকতা আসতে পারে। অনেকে সহযোগিতা নাও করতে পারেন কিংবা অতীতে ফ্যামিলি কার্ড নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করতে পারেন। তাই ভোটার পরিচয়পত্র দেখে প্রতিটি তথ্য নির্ভুলভাবে লিপিবদ্ধ করতে হবে। এ সময় মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারীদের মধ্যে সরকারি ট্যাব বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খন্দকার সাগর আহম্মেদ, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আরজুমান্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম ও সমবায় কর্মকর্তা আনিছা দেলোয়ারা আঞ্জু উপস্থিত ছিলেন।
এ ছাড়া জাহানাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, মোহনপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, মোহনপুর প্রেস ক্লাবের সভাপতি রুবেল সরকার, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহীন সাগর, কেন্দ্রীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেলসহ বিভিন্ন দপ্তরের প্রধান, কমিটির সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










