ধর্ম

মহরে ফাতেমি ও কিছু কথা

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাসুলে কারিম (সা.) তাঁর কন্যা ফাতেমা (রা.)-এর জন্য যে মহর ধার্য করেছেন, তাকে মহরে ফাতেমি বলা হয়। মহরে ফাতেমীর পরিমাণ ৫০০ দিরহাম, ১৩১ ভরি তিন মাশা রুপার সমপরিমাণ।

নবীজির স্ত্রীদের জন্যও এই পরিমাণ মহর ধার্য করেছেন। এই মহর বরকতপূর্ণ ও ভারসাম্যপূর্ণ। তাই উভয় পক্ষের সম্মতিতে যদি মহরে ফাতেমি ধার্য করা হয়, তাহলে তা নিশ্চয়ই উত্তম ও বরকতের কারণ হবে। কিন্তু এ কথা মনে করা যাবে না যে, এর চেয়ে বেশি মহর ধার্য করা শরীয়তে অপছন্দনীয়।

যদি প্রদর্শন উদ্দেশ্য না থাকে এবং মহর পরিশোধ করার ইচ্ছা ও সামর্থ্য থাকে, তাহলে অধিক পরিমাণ মহর নির্ধারণ করাও জায়েয। তবে এক্ষেত্রে টাকার পরিমান বর্তমান বাজারদর অনুযায়ী নির্ধারিত হবে।
মহরে ফাতেমি কি সুন্নাত?

আকদের সময় মহর নির্ধারণ না করা হলে মহরে মিছিল (নিজ বংশের মেয়েদের অনুরূপ) ওয়াজিব হয়। এ হিসেবে মহরে মিছিলকে ওয়াজিব এবং আসল বলা যেতে পারে।

অবশ্য পরস্পর সন্তুষ্টির ভিত্তিতে মহরে মিছিল থেকে কমবেশি করার অনুমতিও ইসলামী শরিয়তে রয়েছে। কমবেশ করার ক্ষেত্রে মহরে ফাতেমিকে আদর্শ বানালে বিশেষ বরকতের আশা করা যায় বলে উলামায়ে কেরাম বলে থাকেন। তবে এটাকেই শরিয়তের নির্দিষ্ট হুকুম সুন্নাত বলা যাবে না। (রদ্দুর মুহতার : ৩/১০০, ফাতাওয়ায়ে ফকীফুল মিল্লাত : ৬/২৩৭)