সিল্কসিটিনিউজ ডেস্ক:
ময়মনসিংহের মুক্তাগাছায় ধানক্ষেত থেকে কিশোরী জাকিয়ার (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তার ‘প্রেমিক’ মো. আকিবুল (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিয়ের জন্য চাপ দেওয়া ও চড় মারার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওড়না পেঁচিয়ে জাকিয়াকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে জবানবন্দিতে স্বীকার করেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (মুক্তাগাছা আমলি আদালত) বিচারক তাহমিনা তমার কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আকিবুল। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোর্ট ইন্সপেক্টর পীরজাদা মোস্তাছিনুর রহমান।

আকিবুল মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের নামাপাড়া গ্রামের আব্দুল লতিফ ও আছিয়া দম্পতির ছেলে।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, জবানবন্দিতে আকিবুল জানান, দীর্ঘদিন ধরে জাকিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।
ঘটনার দিন ১৭ নভেম্বর সন্ধ্যায় জাকিয়াকে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক করতে চাইলে তিনি বাধা দেন। এ সময় কবে তাকে বিয়ে করবেন, তা জানতে চান জাকিয়া। আকিবুল কোনো সদুত্তর দিতে না পারায় ক্ষুব্ধ হয়ে তাকে চড় মারেন জাকিয়া। এতে অপমানিত বোধ করায় আকিবুল তাৎক্ষণিক জাকিয়ার গলায় থাকা ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করেন।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহটি কলাগাছ দিয়ে ঢেকে রেখে পালিয়ে যান আকিবুল।
এর আগে গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাওগাঁও ইউনিয়নের নামাপাড়া গ্রামে নানার বাড়ি থেকে নিখোঁজ হয় জাকিয়া। পরদিন ১৮ নভেম্বর সকাল ১১টার দিকে একই এলাকার খালপাড়ে একটি ফিসারির পাশে ধানক্ষেতের আইল থেকে কলাগাছ দিয়ে ঢাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জাকিয়ার বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মুক্তাগাছা থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে আকিবুলের সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। পরে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার সাদ্দামের ফার্নিচারের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর থেকেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করে পুলিশ। সোমবার সন্ধ্যায় আকিবুলকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন। মঙ্গলবার দুপুরে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য তাকে আদালতে পাঠানো হলে বিচারকের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।










