জাতীয়

ভারতে পাচারের সময় ২৪ টন সার জব্দ

নিউজ ডেস্ক২৮ আগস্ট ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকা থেকে ২৪ টন সার জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।

আজ শুক্রবার সকালে বিজিবি-২৫ ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবির একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ৯ টন টিএসপি সার ও সাড়ে ১৪ টন ডিএপি সার উদ্ধার করা হয়। জব্দ করা সার ও ট্রাকের মূল্য ৫৫ লাখ টাকা।

তিনি আরো জানান, বিজিবি টহল দল ট্রাকের মধ্যে থাকা সারের কাগজপত্র তল্লাশি করে কোনো বৈধ কাগজপত্র পায়নি। ধারণা করা হচ্ছে, অবৈধভাবে মজুদের জন্য সারগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এসব সার কোথায় অবৈধভাবে মজুদ করা হচ্ছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধারকৃত সারসহ ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।