অর্থ ও বাণিজ্য

বিদেশে ভ্রমণকারীদের কাছে ডলার বিক্রির সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশি নাগরিকদের নগদ বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলোর মাধ্যমে ডলার বিক্রির সীমা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে একজন বিদেশগামী ভ্রমণকারীকে মানি চেঞ্জারগুলো একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত নগদ বিক্রি করতে পারবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এ নতুন নির্দেশনা প্রদান করা হয়। এর আগে এ সীমা ছিল ২ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পূর্বে একজন বিদেশগামী নাগরিকের ক্ষেত্রে মানি চেঞ্জারের মাধ্যমে একবারে সর্বোচ্চ ২ হাজার মার্কিন ডলার এনডোর্স বা নোট ও মুদ্রা আকারে সংগ্রহের সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তের ফলে এই বিক্রয়সীমা আরো ১ হাজার ডলার বাড়িয়ে ৩ হাজার ডলারে উন্নীত করা হলো।

একজন গ্রাহকের প্রযোজ্য বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার অবশিষ্ট অংশ তার ভ্রমণ কোটার পরিমাণ ও সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার প্রাপ্যতা সাপেক্ষে অন্যান্য অবাধে বিনিময়যোগ্য ও ব্যবহারযোগ্য মুদ্রার নোট ও মুদ্রা আকারে বিক্রি করা যাবে।

নতুন ব্যবস্থায় বিদেশগামী নাগরিকদের মানি চেঞ্জারের মাধ্যমে নগদ বৈদেশিক মুদ্রা সংগ্রহে আরো বেশি সুবিধা ও নমনীয়তা তৈরি হবে।