বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্বাবধায়নে ধান ক্ষেতের পোকা নিধনের অংশ হিসেবে আলোক ফাঁদের কার্যক্রম জনপ্রিয় হয়ে উঠেছে। গত তিনদিনে উপজেলা কৃষি কর্মকর্তা গ্রামে গ্রামে সন্ধ্যায় এই আলোক ফাঁদের কার্যক্রম পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার আড়পাড়া গ্রামের মখলেসুর রহমানের বাড়ির পাশে গত বুধবার সন্ধ্যায় আলোক ফাঁদের কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া ১৫ অক্টোবর উপজেলার বেড়েরবাড়ি গ্রামের সাহানুর রহমানের বাড়ির পাশে ও ১৭ অক্টোবর হাবাসপুর গ্রামের নাজিম উদ্দিনের বাড়ির পাশে আলোক ফাঁদের কার্যক্রম পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা।

আড়পাড়া গ্রামের মখলেসুর রহমান বলেন, ধান ক্ষেতের পোকা দমনের জন্য উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে আলোক ফাঁদ তৈরী করে ধানের উপকার হচ্ছে। তারপর আর পোকা দেখা যাচ্ছে না। ধানের জমির পাশে আলোক ফাঁদের ব্যবস্থা করা হচ্ছে। ফলে ধানের জমিতে ক্ষতিকর পোকা বের হয়ে আলোক ফাঁদে পড়ছে। আলোর নিচে রাখা হয়েছে পানির পাত্র।
উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম বলেন, কৃষকদের ব্যয় বাচানোর জন্য ধান ক্ষেতে আলোক ফাঁদের পরীক্ষা চালানো হচ্ছে। ভালো ফলনের উদ্দ্যেশে এই আলোক ফাঁদ কর্মসূচি চালাচ্ছি। পোকা দমনের জন্য এই কার্যক্রম চলমান থাকবে। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় চালু হয়েছে।
উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভা এলাকায় প্রায় ১০ হেক্টর জমিতে আলোক ফাঁদের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এছাড়া উপজেলায় রোপা আমন ধানের চাষ হয়েছে এক হাজার ৪০ হেক্টর জমিতে বলে জানান তিনি।
স/শ










