সিল্কসিটিনিউজ ডেস্ক :

আটক দুই তরুণ হলেন লিমন তোহা (২২) ও ইয়াসিন মোল্লা (২৩)। তাদের বাড়ি বন্দর বাজার এলাকায়। লিমন তোহা ওই এলাকার মো. শাহীন আহমেদের ছেলে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাওয়া বন্দুক দুটি খেলনা। ওই দুটি খেলনা বন্দুক উদ্ধার করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তার বলেন, খেলনা বন্দুক দিয়ে ওই ভিডিও তৈরি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছেন আটক দুই তরুণ। উদ্দেশ্য ছিল টিকটকের ভিডিও বানানো।
তিনি আরো বলেন, লিমন ২০২৪ সালে এইচএসসি পাশ করে আর লেখাপড়া করেননি।
সম্প্রতি ফেসবুকে ৩৫ সেকেন্ডের ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে কালো রঙের লম্বা কুর্তা-পায়জামা ও মাথায় টুপি পরা দুই তরুণকে বন্দুক হাতে নারায়ণগঞ্জের সিটি নগর পার্কের বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা যায়। তারা পথচারী, রিকশাচালক ও শিশুসহ বিভিন্ন ব্যক্তির দিকে বন্দুক তাক করছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, টিকটকের ‘ভাইবোন’ নামের একটি অ্যাকাউন্টে প্রথম ভিডিওটি প্রকাশ করা হয়। পরে লিমনের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টেও সেটি প্রকাশ করা হয়।









