সিল্কসিটিনিউজ ডেস্ক:
সারি সারি বক উড়ে যাচ্ছে খেতের মাঝখানে। নৌকা এগিয়ে যাচ্ছে খেতের পাশ দিয়ে জলাশয়ের মধ্য দিয়ে। ছপাত ছপাত করে ছইয়ের আগা পড়ছে পানির মধ্যে। চারপাশে পানি সংবলিত দ্বীপের মতো এই বাড়িটি সম্পূর্ণ নিরাপদ। এটাকে ঠিক বাড়ি বলা যায় না। দীর্ঘদিন যাবৎ কারও বসবাস নেই। ছাড়া বাড়ির মতো পড়ে আছে। তাই এই বাড়িটি বেছে নেওয়া হয়েছে।
যুদ্ধে আসার পর এই প্রথম আমি নিজে কোনো অপারেশনে আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছি। জানি না কপালে কী আছে। যাই থাকুক না কেন, জীবন বাজি রেখে লড়তে হবে। সঙ্গে আছে আম্মার দোয়া। আল্লাহ আম্মার দোয়া নিশ্চয়ই কবুল করবেন। দেশ ইনশা আল্লাহ স্বাধীন হবে। গলার মধ্যে তাবিজটা একবার দেখে নেই। তাবিজের মধ্যে চুমা দিয়ে আবার বুকের মধ্যে রেখে দিই। খাজা বাবার মাজার থেকে আম্মা এনে দিয়েছেন। বিপদে আপদে এই তাবিজের গুণ আছে। আজ রাত এই বাড়িতে থেকে সবকিছু প্রস্তুত করতে হবে। তারপর কাল অপারেশনে যাওয়া যাবে। নৌকা এসে ভেড়ে বাড়ির কিনারায়। আমরা তিনজন মুক্তিযোদ্ধা নেমে নৌকা বেঁধে রাখি। জিনিসপত্র গুছিয়ে কিছুদিন থাকার জন্য ঘরদোর পরিষ্কার করে নেই। কিছু খাবার সঙ্গে করে আনা হয়েছে। এগুলো খেয়ে তিনজন কাজে লেগে যাই। অস্ত্র পরীক্ষা, বোমা পরীক্ষা করে নিরাপদ স্থানে লুকিয়ে রাখি।

রাত নেমে এসেছে। আমি চিঠি লিখতে বসি। প্রথমে আম্মার কাছে লিখি। চার ভাইবোনের মধ্যে আমি সবার বড়। বাবা মুদি দোকানদার। বাড়ির পাশেই বাজারে মুদি দোকান আছে। যুদ্ধ শুরু হওয়ার প্রারম্ভে ঘরের কেউই রাজি ছিল না, আমি যুদ্ধে আসি। ২৫ মার্চের পর আব্বা–আম্মার কিছু টনক নড়ে। আমার টনক পুরোই নড়ে। বন্ধুরা, পাড়া-প্রতিবেশী সবাই দলে দলে যুদ্ধে যেতে থাকে। আমার পীড়াপিড়িতে পরে সবাই রাজি হয়। রোকসানাকে রাজি করাতে একটু বেশি বেগ পেতে হয়েছে। কোনো কিছুতে রাজি না থাকলে হ্যাঁ–না কিছুই বলবে না। ভাবখানা এমন দেখায়, কেউ গেলে যাবে তাতে আমার কী!
রোকসানা আমার চাচাতো বোন। আব্বা আর আমার চাচা ছেলেবেলাতেই রোকসানার সঙ্গে আমার বিয়ে ঠিক করে রেখেছেন। সেই সুবাদে প্রকাশ্যে রোকসানার সঙ্গে আমার একটা লুকোচুরি সম্পর্ক থাকলেও অপ্রকাশ্যে ঠিক অন্যরকম সম্পর্ক। যেটুকু কথা হতো বেশির ভাগ চিঠিতেই হতো। যুদ্ধে আসার আগে অনেক দিন কোনো চিঠির উত্তর দেয়নি। পরে শেষ চিঠিতে যখন বিদায় জানালাম, তখন আর দেরি করেনি। চিঠির উত্তর দিয়ে বাড়ির কাজের ছেলেকে নিয়ে সোজা আমাদের বাড়ি চলে এসেছে। পরে সবাই বকাঝকা করলেও সে তোয়াক্কা করেনি। দেশের এই অবস্থা, সব জায়গায় মিলিটারি, যদি কিছু হয়ে যেত। রোকসানা কোনো উত্তর দেয়নি। পরদিন আবার বোরকা পরে যাওয়ার জন্য উদ্যত হলে আমি পৌঁছে দিয়ে আসি। সব সময় ওর জন্য একটা ভয় কাজ করে। হুটহাট কী যে করে ফেলে।
ওকে সাবধান করে চিঠিটা লেখা শেষ করি। ঘুমাতে আসি। রাত শেষে অপারেশনের কথা ভাবতে ভাবতে আর চোখের পাতায় রোকসানার ছবি দেখতে দেখতে কখন যে ঘুম চলে আসে নিজেই জানি না।
দুই.
আমি রোকসানা। এক বাপের এক মেয়ে। নিজের ভালো–খারাপ সবকিছুই আমি নিজে অকপটে বলতে পারি। আমি জেদি এক কথার মেয়ে। যখন যেটা বলি তখন সেটা করি। আব্বা–আম্মার একমাত্র মেয়ে হওয়ার কারণে তাঁরাও আমাকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছেন। আমার চাচাতো ভাই আলী ভাইয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করা আছে। উনি এখন যুদ্ধে গেছেন। যাওয়ার আগে বিভিন্নভাবে আমার অনুমতি চেয়েছিলেন। আমি কখনোই কিছু বলিনি। উনি হয়তো ভেবেছেন আমি চাই না উনি যুদ্ধ করুক। কিন্তু না, আমি চেয়েছিলাম। উনি যুদ্ধের ব্যাপারে আমার মতামতের জন্য যেন বসে না থাকেন। দেশ আমাদের, স্বাধীন আমাদেরই করতে হবে। আমরা যদি ঘরে বসে থাকি তাহলে যুদ্ধ করবে কে? সুযোগ পেলে আমি নিজেও যুদ্ধে যেতাম। কিন্তু আল্লাহ মেয়ে মানুষদের কিছু সীমাবদ্ধতা দিয়ে দিয়েছেন। গায়ের জোরও কম দিয়েছেন। অনেক মেয়েদের সাহসেরও অভাব আছে। মেয়ে মানুষেরা মানুষ মারতে ডরায়। আমার পুরুষের মতো শরীরের জোর না থাকলেও মনের জোর আছে। এই কথা আমি আলী ভাইকে চিঠিতে লিখব। ভাই এখনো চিঠি পাঠায়নি। ঠিকানা দিলে তখন লিখব। এই সময় কোনো মেয়ে একা ঘর থেকে বের হতে ভয় পায়। কই আমিতো ভয় পাইনি। যুদ্ধে যাওয়ার আগে বোরকা পরে আলী ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আলী ভাইয়ের ছোট বোন সালেহা আমাকে বলেছিল, আপা আল্লাহ আপনারে একখান কইলজা দিছে। আমার চাচা-চাচি অবশ্য ভয় পেয়েছিলেন। আলী ভাইতো ভর্ৎসনাই করেছেন। পরে বাড়িতে নিজে পৌঁছে দিয়ে গেছেন। কিন্তু যদি কখনো সুযোগ পাই আমি যুদ্ধে যাব বলে রাখলাম। আমি আল্লাহ ছাড়া কারওরে ডরাই না। আল্লাহ যেদিন মরণ লিখে রাখছেন সেদিনই মরণ হবে। আমার ইমান শক্ত।
তিন.
আমি সালেহা। চার ভাইবোনের মধ্যে আমি দ্বিতীয়। আলী ভাই আমার বড়। ভাই যুদ্ধে গেছে। যাওয়ার সময় আমার বুকটা মনে হয় ফেটে গেছে। আমরা পিঠাপিঠি ভাইবোন ছিলাম। আমি ভাইয়াকে বহুবার নিষেধ করেছি। ভাইয়া কখনোই আমার কথা শোনেননি। আজও শোনেননি। ছোটবেলায় একবার পাশের বাড়ির ছেলেদের সঙ্গে ঝগড়া করে মারামারি করে মাথা ফাটিয়েছেন। আমি কতবার নিষেধ করেছি, মারামারি করতে যাসনে ভাই। আমার কথা শোনেননি। উল্টো আমার সঙ্গে বাগ্বিতণ্ডা করেছেন। আমি খামচি দিলে, আমার চুল ধরে টেনেছেন। আমি কিল মারলে, ঘুষি মেরেছেন। আম্মার কাছে বলেও কোনো দিন বিচার পাইনি।
বড় হওয়ার পরও কম জ্বালাননি। তখন আর মারামারি করতেন না। আমার জমানো টাকা চুরি করে নিয়ে যেতেন। খুঁজতে খুঁজতে যখন আর পেতাম না, তখন বুঝতাম নিশ্চয়ই ভাইয়ার কাজ। আরও নিশ্চিত হতাম যখন বাজার থেকে আমার জন্য পছন্দের খাবারগুলো নিয়ে আসতেন। তখন মনের দুঃখ কিছুটা হালকা হতো। আমার টাকা চুরি করা ছাড়াও ভাইয়ার কাছে টাকা থাকলেই আমাকে পছন্দের জিনিস দিতেন। শনিবারে হাটের থেকে আমার জন্য একগাছি চুড়ি হলেও আনতেন। আলেয়া একটু বড় হওয়ার পর আলেয়ার জন্যও আনতেন। আমার জন্য যেটা আনবেন, সেটা আলেয়ার পছন্দ হবে। নিজেরটা তার কখনো পছন্দ হতো না। তাই শেষের দিকে ভাইয়া দুজনের জন্য একই ডিজাইন দেখে আনতেন। রশিদও দেখে দেখে পরে আমাদের দুই বোনের জন্য একই রকম জিনিস কিনত।
আল্লাহ তুমি আমার আলী ভাইয়ের সঙ্গে থেকো। ভাই যেন দেশ স্বাধীন করে আসতে পারে। আমিন।
চার.
আমি রশিদ। আমাদের চার ভাইবোনের মধ্যে আমি তৃতীয়। বড় ভাইয়ার সঙ্গে বড় আপার মিল বেশি। তাই তারা বন্ধুর মতো। তারা কত কথা বলেন, আমাকে কখনো তাদের সঙ্গে রাখেন না। আমিও এখন বড় হয়েছি। সবকিছু বুঝতে শিখেছি। বড় ভাইয়া যুদ্ধে গেছেন। আমি কখনো যুদ্ধে যাব না। আমাকে মাদ্রাসার হুজুর বলেছেন, মুসলমান মুসলমান পরস্পরের ভাই। আমরা নিজের ভাইয়ের বিরুদ্ধে লড়ব? কখনোই না। দেশে যুদ্ধ হচ্ছে হোক। হিন্দুগুলো মরবে আর যারা পাকিস্তানিদের ভাই মনে করে না তারা মরবে। পাকিস্তান জিতলে উর্দু রাষ্ট্রভাষা হবে। মাদ্রাসায়তো আমরা উর্দু পড়ি। আমাদের জন্য আরও ভালো হবে। এ কথা আমি একদিন বড় আপাকে বলেছি। আপা আমাকে ঠাস করে একটা চড় মেরেছেন। আমার খুব রাগ হয়েছে। থাক, আমি এসব নিয়ে আর কিছু বলব না। কিন্তু আলী ভাইয়ার জন্য আমার মন কান্দে। ভাইয়া কেন এসব কথা বোঝেন না। ভাইয়া কেন যুদ্ধ করতে গেল। যদি ভাইয়ার কিছু হয়ে যায়। আল্লাহ তুমি ভাইয়াকে বুদ্ধি দান কর, ভাইয়ার হেদায়েত কর। ভাইয়া যেন যুদ্ধ না করে ঘরে ফিরে আসে। পাকিস্তানের যেন জয় হয়। ইয়াহিয়াকে সালাম জানাই।
পাঁচ.
আমি আলেয়া। আমি ভাইবোনদের মধ্যে সবার ছোট। বড় ভাইয়া আমাকে সবচেয়ে বেশি আদর করেন। আপার জন্য সুন্দর কিছু আনলে আমি মন খারাপ করি। তাই আমার জন্যও ভাইয়া একই জিনিস আনতেন। আর এখন ভাইয়া নেই, যুদ্ধে গেছেন, কবে আসবেন জানি না। মেজ ভাইয়া একটুও ভালো না। ওর কোনো কিছু ধরলে, ওর কোনো কথা আম্মাকে বললে, আমাকে কানে–মুখে এক সাথে থাপ্পড় মারে। এ জন্য আমিও সারাক্ষণ ছোট ভাইয়ার পিছে লেগে থাকি। ভাইয়া ইয়াহিয়ার ছবি নিজের বইয়ের মধ্যে রেখেছে। আমি ছবিটা নিয়ে আম্মার কাছে দিয়েছি। আম্মা থুতু দিয়ে ছিঁড়ে ফেলেছেন। একদম ভালো হয়েছে। বড় আপাকেও বলেছি সে ইয়াহিয়ার ছবি বইয়ে রাখে। আপা বলেছে ছোট ভাইয়াকে থাপ্পড় মারবে। একদিন দেখেছি, মেরেছেও। খুব ভালো হয়েছে। আমাকে যে মারে। অথচ বড় ভাইয়া কত ভালো ছিল। কোনো দিন আমাকে কিছু বলেওনি, মারেওনি। কবে যে আসবে ভাইয়া। সে অপেক্ষায় আছি।
ছয়.
আমি বশির মিয়া। গঞ্জে দোকানদারি করি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতিদিন জীবনটাকে হাতে নিয়ে বাজারে যাই। মনে মনে ইয়াহিয়ার গুষ্টি উদ্ধার করি। কিন্তু মুখে কিছু বলতে পারি না। রাজাকারেরা চারপাশে ঘোরে। বড় ছেলে যুদ্ধে গেছে। এই খবর যদি ওরা পেয়ে যায়। কী হবে জানি না। বয়স থাকলে আনি নিজেও যেতাম।
বড় ছেলে মাঝে মাঝে চিঠি দেয়। এখন পর্যন্ত সহি সালামতে আছে। কিন্তু আমার ভাইয়ের মেয়ে রোকসানাকে মিলিটারিরা ধরে নিয়ে গেছে। ভাই, ভাইয়ের বউকে মেরে ফেলেছে। এই খবর এখনো আলী জানে না। রোকসানার খবর জানলে আলী স্থির থাকতে পারবে না। আলীকে অবশ্য জানানোও সম্ভব হবে না। আলী নিজেই চিঠি লিখে খবর জানায়। কিন্তু নিজের কোনো ঠিকানা দেয় না, দিতে পারে না। এক জায়গায় স্থায়ী না বলে।
তবুও সময়ে সময়ে যুদ্ধের পরিস্থিতি, নিজের ভালো থাকা, মন্দ থাকা, অমুক ব্যক্তির মৃত্যু, তমুক ব্যক্তির মৃত্যু, মৃত্যুর মাঝে বেঁচে থাকা সবকিছুই জানায়।
এতগুলো মাস চলে গেছে। এখনো দেশ স্বাধীন হচ্ছে না। একদিন দেশ হয়তো স্বাধীন হবে। আমার ছেলে কি সেদিন বেঁচে থাকবে, আমি কি বেঁচে থাকব জানি না। সবকিছুই অনিশ্চিত। সেই একদিন কবে আসবে তাও অনিশ্চিত। তবুও প্রতিটা প্রহর শেষে মনে হয়, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবাই বেঁচে আছি।
সাত.
আমি আছিয়া খাতুন। আমার চার ছেলেমেয়ে। কিন্তু প্রহর শেষে আজ আমি এখন বড় একা, অসহায়। আমি জানি না আমার তিন ছেলেমেয়ে বেঁচে আছে নাকি মারা গেছে। আমার চোখে এখন আর কোনো জল নেই, বুকের মধ্যে যেন একটা বিশাল পাহাড় জমে আছে। সেই পাহাড় আমাকে নিশিদিন আড়ষ্ট করে রেখেছে। আল্লাহ কেন আমাকে নিয়ে যায় না। মিলিটারিরা কেন সবার সাথে আমাকেও মারল না।
সবার আগে মিলিটারিরা আমার দেবর, জাকে মেরে আমার ছেলের হবু বউ রোকসানাকে নিয়ে গেছে। এরপর নিজের মেয়েদের নিয়ে ভয়ে ছিলাম। তারপর প্রতিদিন শুধু আল্লাহর কাছে সবার জীবন ভিক্ষা চাইতাম।
কোথা থেকে জানি খবর পেয়ে একদিন মিলিটারিরা আমার বাড়ি চলে আসে। দরজা ধাক্কানো শুরু কেউ দরজা খোলার সাহস পাচ্ছিলাম না। পরে আমার ছোট ছেলে রশিদ গিয়ে দরজা খোলে। মিলিটারিরা রশিদের সঙ্গে উর্দুতে কী কী কথা বলে আমরা বুঝতে পারি না। পরে মিলিটারিরা রশিদকে বুকের মধ্যে টেনে নেয়, কোলাকুলি করে সেদিনের মতো তারা চলে যায়।
পরদিন রশিদ তখন বাড়ি ছিল না। মিলিটারিরা আবার আসে। আলীর বাবা ভয়ে ভয়ে গিয়ে দরজা খোলে। আলীর কথা জিজ্ঞেস করতে থাকে, আলীর বাবা কিছুতেই উত্তর দিতে চায় না। ওরা আমার সামনে আলীর বাবাকে গুলি করে। বড় মেয়ে ছুটে আসলে ওরা আমার বড় মেয়েকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। আমি ধরতে গেলে আমাকে লাথি মারে। আমার ছোটমেয়ে এসব দেখে কিছুদিন শুধু চুপচাপ থাকে। এরপর অনর্গল কথা বলতে থাকে। কখনো এই ঘরে ওই ঘরে সবাইকে খুঁজে বেড়ায়। কখনো হা–হা করে হাসতে থাকে। কখনো মুখে বালিশ চাপা দিয়ে কাঁদতে থাকে। আমার মেয়ে আলেয়া মনে হয় পাগল হয়ে গেছে।
আর রশিদ বাজার থেকে এসে সবকিছু শুনে, বাবার লাশ ধরে তীব্র আর্তনাদ শুরু করে, দিশেহারা হয়ে যায়। চিৎকার করে বলে, এগুলো বেইমান। এরা কখনো আমার ভাই হতে পারে না। এরা জালিম, মুসলমান কখনো মুসলমানের ওপর অত্যাচার করতে পারে না। মা–বোনের ইজ্জত নিতে পারে না। আল্লাহপাক বলেননি মানুষের ওপর অন্যায় অত্যাচার করতে। আমাকে ধরে বলে, আম্মা আমি যুদ্ধে যাব। আমি মিলিটারি খতম করব। দেশ স্বাধীন করব। রশিদ বেরিয়ে যায়। আর ফিরে না। কোনো খবরও জানি না। আর কখনো ফিরবে কিনা তাও জানি না। আলী আগে চিঠি দিত। এখন অনেক দিন হলো দিচ্ছে না। মেরে ফেলেছে কিনা জানি না।
আট
যুদ্ধ প্রায় শেষের দিকে এমন সময় অপারেশনের সময় গুলি এসে পড়ে আমার পায়ের মধ্যে। শরীর প্রচণ্ড দুর্বল ছিল। জ্ঞান ফিরলে, চোখ মেলে দেখি আমি হাসপাতালে। কেউ রেখে চলে গেছে। সবাই ব্যস্ত। এই কয়দিন হাসপাতালেই আছি। আমরা যুদ্ধাহতরা সবাই একই হাসপাতালে আছি। সবাই বলাবলি করছে, দেশ নাকি স্বাধীন হয়েছে। আমাকে বাড়ি যেতে হবে। সঙ্গে রোকসানাকেও নিয়ে যাব। একই হাসপাতালে দুজনেই এত দিন চিকিৎসাধীন ছিলাম। রোকসানা বড় সাহসী মেয়ে। গুলি চালাতে পারে না, তবুও কৌশলে একজন পাকিস্তানিকে মেরে ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। শরীর ক্ষতবিক্ষত থাকায় এই হাসপাতালে কয়েকজন মুক্তিযোদ্ধা তাঁকে পৌঁছে দিয়েছে। ডাক্তার বলেছেন, রোকসানা কোনো দিন মা হতে পারবে না। যুদ্ধে আমি হারালাম পা, পঙ্গু হলাম। আর রোকসানা হারাল মাতৃত্ব, বন্ধ্যা হলো।
বাড়িতে সবাই কেমন আছে জানি না। প্রহর শেষে রোকসানাকে নিয়ে এক সাথে বাড়ির পথে চলব, এক সাথেই পাড়ি দেব সারা জীবন।
প্রথম আলো










