সিল্কসিটিনিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় প্রকৌশল বিভাগের তিন জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট নয়জনকে বহিষ্কার করা হলো।

বুধবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন রাইজিংবিডিকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ এই তিন প্রকৌশলীকে ক্লোজড (সাময়িক বরখাস্ত) করেছে। এরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল বিভাগের অধীন তিনটি শাখার প্রধান।’
এরা হলেন- প্রকৌশলী দেবেশ চৌধুরী (প্রডাকশন), এস কে সিদ্দিক (কোয়ালিটি) ও বেলাল হোসেন (সিস্টেম অ্যান্ড মেইনটেন্যান্স)।
এদিকে মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বিমানের বোর্ড সাব-কমিটির বৈঠকে তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে সোমবার রাতেই তাদের বহিষ্কার করা হয়।
সোমবার রাতে বিমানের ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গঠিত এ সংক্রান্ত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দেক আহমেদের কাছে জমা দেওয়া হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে তিন প্রকৌশলীকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। এরপর ওই প্রতিবেদন বিমান মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তবে কমিটির প্রতিবেদনের বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। যদিও জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ‘মন্ত্রী মহোদয় বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে পারেন।’
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে। ত্রুটি মেরামতের করে সেখানে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতি পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী বুদাপেস্টে পৌঁছান।
এই ঘটনায় এর আগে বিমানের প্রকৌশল শাখার ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন- ইঞ্জিনিয়ার অফিসার এস এম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।
সূত্র:রাইজিংবিডি









