জাতীয়

পোশাক খাতের সবুজ রূপান্তরে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক১৭ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতকে আরো টেকসই, পরিবেশবান্ধব ও বৈশ্বিক বাজারের উপযোগী করে গড়ে তুলতে নেদারল্যান্ডসের সঙ্গে সার্কুলার অর্থনীতি বিষয়ক একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে টেক্সটাইল মূল্য শৃঙ্খলে সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহারযোগ্য উৎপাদনব্যবস্থা এবং সবুজ শিল্পায়নে দুই দেশের মধ্যকার সহযোগিতা নতুন মাত্রা পেল।

সোমবার (১৭ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং নেদারল্যান্ডসের পক্ষে দেশটির ক্লাইমেট অ্যান্ড গ্রিন গ্রোথ বিষয়ক মন্ত্রী স্টিয়েন্তে ভ্যান ভেল্ডহোভেন এ চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বৈশ্বিক টেক্সটাইল শিল্পে টেকসই উৎপাদন ব্যবস্থা ও সার্কুলার অর্থনীতি এখন সময়ের দাবি। স্বল্পোন্নত দেশের (এলডিসি) গ্র্যাজুয়েশনের পর বিশ্ববাজারে আমাদের পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এই সমঝোতা স্মারক একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।’

 

 

তিনি আরো উল্লেখ করেন, পানি ব্যবস্থাপনা, কৃষি ও লজিস্টিকসের পাশাপাশি টেকসই শিল্প উন্নয়নে নেদারল্যান্ডস দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বিশ্বাসযোগ্য অংশীদার হিসেবে কাজ করছে।

নেদারল্যান্ডসের মন্ত্রী স্টিয়েন্তে ভ্যান ভেল্ডহোভেন বলেন, ‘সার্কুলার অর্থনীতিতে রূপান্তর কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়। এর জন্য পুরো সরবরাহ শৃঙ্খলজুড়ে আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ উদ্যোগ প্রয়োজন।’

তিনি দুই দেশের কর্মকর্তাদের ইতিমধ্যে নির্ধারিত অগ্রাধিকারভিত্তিক কার্যক্রমগুলো দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন।

 

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী উপস্থিত ছিলেন।