সদ্য প্রকাশিত
নওগাঁ

নৌকা থেকে ছিটকে পড়া এমপি সেলিমের বিরুদ্ধে অভিযোগ

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০২৩৭ মিনিট পড়া
নৌকা থেকে ছিটকে পড়া এমপি সেলিমের বিরুদ্ধে অভিযোগ

ইউসুফ আলী সুমন, মহাদেবপুর :
ঠিকাদারী সিন্ডিকেট, খাস পুকুর ও জমি দখল, ইউপি নির্বাচনে মনোনয়ন ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ, কমিটি বানিজ্য, কমিশন আদায়, আত্রাই নদীর বালুমহাল নিয়ন্ত্রণসহ নানা অনিয়ম-দুর্নীতি সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে নৌকা থেকে ছিটকে পড়া নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিমের বিরুদ্ধে।

তার এসব অপকর্মের মূল হাতিয়ার তার ছেলে ও ভাগ্নে। মহাদেবপুর, নওহাটা, নওগাঁ সদরসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে তারা গড়ে তুলেছেন বিপুল পরিমাণ সম্পদের পাহাড়। এসব সম্পদের মূল্য আনুমানিক কয়েক’শ কোটি টাকা। এমন কর্মকান্ডে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিব্রত। আর তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ২০১৪ সালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নৌকার প্রার্থী সাবেক এমপি প্রয়াত ড. আকরাম হোসেন চৌধুরীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। এর পর থেকেই শুরু হয়েছে তার অস্বাভাবিক উত্থান। পরে অবশ্য ২০১৮ সালে আওয়ামী লীগের থেকে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়। বর্তমানে তিনি মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করছেন। তিনি এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই তার ছেলে রকি ও ভাগিনা শাকিলের বাহিনী এলাকায় শুরু করে দখলদারিত্ব।

নামে-বেনামে শত শত বিঘা খাস পুকুর রয়েছে তাদের দখলে। রাজস্ব ফাঁকি দিয়ে এসব পুকুরে মাছ চাষ করছেন তাদের লোকজন। প্রভাব খাটিয়ে অধিকাংশ স্কুল ভবন নির্মাণ-সংস্কার, রাস্তা-ঘাট, ড্রেন, বিভিন্ন সরকারি উন্নয়ন কার্যক্রমের ঠিকাদারী কাজ তারাই করে থাকেন। এসব কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে থাকে নিয়মের কোন তোয়াক্কা না করেই। এ নিয়ে ভয়ে কথা বলার সাহস করে না কেউই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছলিম উদ্দীন তরফদার সেলিম আ.লীগের মনোনয়ন না পাওয়ায় এলাকায় চলছে আনন্দ-উল্লাস।

নির্বাচনী হলফনামা যা বলছে : ২০১৮ সালের নির্বাচনে দেওয়া হলফনায় এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম যে পরিমান সম্পদের বিবরণ দিয়েছিলেন, তা থেকে জানা যায়, নিজের নামে ২০ দশমিক ৯৮ একর; যার মূল্য ৬৩ লাখ টাকা, স্ত্রীর নামে ৭ একর যার মূল্য ২৬ লাখ টাকা এবং নির্ভরশীলদের নামে ১ একর যার মূল্য ৬ লাখ টাকা, অকৃষি জমির পরিমান দেখিয়েছিলেন ৬ দশমিক ১০ একর যার মূল্য ২০ লাখ টাকা, নিজ গ্রাম আজিপুরে পৈত্রিক বাড়ী ছাড়াও মহাদেবপুর সদরে একটি দালান বাড়ির মূল্য দেখানো হয়েছিল যার মূল্য ৩০ লাখ টাকা। এছাড়া একটি পুকুরের মূল্য ৫৩ লাখ টাকা দেখানো হয়। এমপি সেলিম তার ওই হলফনামায় পেশা হিসেবে দেখিয়েছিলেন চাউলকল ব্যবসা, মৎস্য ব্যবসা ও জোতদারী।

এইসব খাতের মধ্যে কৃষি খাতে ১লাখ ৫০হাজার টাকা, বাড়ি, দোকান ও অন্যান্য ভাড়া ১লাখ ২০হাজার, চাউল কল ব্যবসা ও মৎস্য খামার হতে ৩০লাখ, শেয়ার সঞ্চয় থেকে ২লাখ ৫০হাজার, অন্যান্য উৎস হতে (সংসদ সদস্য ভাতা) ৬লাখ ৬০হাজার এবং নির্ভরশীলদের ৭০হাজার টাকা বার্ষিক আয় দেখিয়েছেন। এছাড়া অস্থাবর সম্পদ হিসেবে নগদ ২লাখ, ব্যাংকে জমা ২লাখ ৫০হাজার, একটি জীপ গাড়ির মূল্য ৫৫লাখ, গৃহ সামগ্রীর মূল্য বাবদ ৩লাখ ৫০হাজার, অন্যান্য ১লাখ ৭৫হাজার টাকার অস্থাবর সম্পদ এবং স্ত্রীর নগদ ৬০হাজার এবং ২৫ভরি স্বর্ণের গহনা বাবদ ১২লাখ টাকার হিসেব দেখানো হয়। সর্বশেষ ২০১৮সালে এমপি সেলিম রিটানিং অফিসারের কাছে দাখিলকৃত সম্পদ বিবরণী জমা দেয়। ওই সময় আয়কর বিভাগে দাখিলকৃত অর্থবছরের আয়কর ফাইলের বিবরণীও সংযুক্ত করেন। এতে দেখা যায়, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৫বছরে তার সম্পদ বেড়েছে প্রায় ৪০গুন।

লাগামহীন সম্পদের মালিক : ২০১৪ সালে এমপি হওয়ার পর নওগাঁ শহরের গোস্তহাটির মোড়ে প্রায় ৮০কোটি টাকা ব্যায়ে ৩১ শতক জায়গার উপর একটি ১২তলা টাইম স্কয়ার নামে বানিজ্যিক ও আবাসিক ভবন নির্মান করেন। মহাদেবপুর সদরের কলেজ রোডে এক কোটির অধিক টাকা দিয়ে ৩তলা বাড়ি কিনেছেন। বর্তমানে এটি ৫তলা ভবন। যার নাম নক্ষত্র বাড়ি নামেই পরিচিত। গ্রামের বাড়িতে রয়েছে বিশাল গরুর খামার ও একটি ইটভাটা, মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিস থেকে পাওয়া সূত্রে ২০১৪ সাল থেকে ২০২২ সালের সেপ্টম্বর পর্যন্ত এমপি সেলিম ও তার পরিবারের সদস্যদের নামে ৮২টি জমি ক্রয় করার দলিল পাওয়া যায়। সেসব দলিলের মূল্য ৮ কোটি ৫২ লাখ ১৭হাজার টাকা। রয়েছে একাধিক গাড়ি, নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংকে একাউন্টে রয়েছে কোটি কোটি টাকা।

যত অভিযোগ এমপি সেলিম, তার ছেলে ও ভাগিনার বিরুদ্ধে: অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি মহাদেবপুর সদর, উত্তরগ্রাম ইউনিয়ন, ভীমপুর এবং এনায়েতপুর ইউনিয়ন এর বিএনপির ১৫জন নেতা-কর্মীকে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নানা পদে যুক্ত করেছেন। মহাদেবপুর থানা বিএনপি তালিকা থেকে এসব তথ্য জানা যায়। সম্প্রতি বদলগাছী কোলা আদর্শ ডিগ্রী কলেজে তিনজন প্রভাষক ও একজন ল্যাব সহাকারী পদে মোট ৮৮লাখ টাকা নিয়োগ বানিজ্যর অভিযোগ উঠেছে। এই টাকাগুলো এমপি সেলিম তার নিজের পকেটে ঢুকিয়েছেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়া ধৈনজল চেরাগপুর ইউনিয়ন সমবায় সমিতির ১৫শতাংশ জায়গা দখল, রাজস্ব ফাঁকি দিয়ে মাইমা দিঘীর ৪২ বিঘা জমি দখল এবং তার পাশেই অবস্থিত আদিবাসী পাড়ার ২৫বিঘা জমি দখল করে পুকুর খনন, আলতাদিঘী, রাইগাঁ ইউনিয়ন এর কৃষ্ণপুর মৌজায় ৪২বিঘা জমি দখলের অভিযোগ করা হয়েছে চিঠিতে।

এসব ঘটনার পর এমপি সেলিমের বিরুদ্ধে ১৫ জন স্থানীয় আওয়ামী লীগ নেতা প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী নুরুজ্জামান বেলালসহ বেশ কয়েকজন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য, ইউপি নির্বাচনে মনোনয়ন বানিজ্য, দলীয় পদে নিয়োগ বানিজ্য ও স্বজনপ্রীতি করে যাচ্ছেন বর্তমান এমপি। নামে বেনামে অঢেল সম্পদের পাহার গড়ে তুলেছেন তিনি। ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন না করে নিজের পছন্দমত কমিটি করে বিভিন্ন পদে বিএনপি জামায়াত সমর্থিত নেতা-কর্মীদের স্থান দিয়েছেন। নিয়োগ বানিজ্য, জমি, খাস পুকুর দখলসহ বেশ কিছু অভিযোগ মাননীয় প্রধানমন্ত্রী বরাবার দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের নেতা অধ্যক্ষ ময়নুল ইসলাম বলেন, সফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০১৬ সাল এবং ২০২১ সালে আওয়ামী লীগের প্রার্থী ছিলাম। এমপি সেলিম তার পছন্দের প্রার্থীকে সমর্থন দিয়ে আমাকে হারিয়ে দেয়। দলীয় নীতি আদর্শের তোয়াক্কা করেননা তিনি। আমাকে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক নাকি করা হয়েছে।

দুই বার চিঠি দিয়েছিল। তার পর আর কোন চিঠি দেইনি। তারা পূর্ণাঙ্গ কমিটিই প্রকাশ করেনি। আপনারা যা তথ্য পেয়েছেন তার চেয়ে অধিক সম্পদের মালিক তিনি। দুই উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পদে নিয়োগে ১৫-২০ লাখ টাকার বিনিময়ে নিয়োগ হয়, এসব নিয়োগের টাকা তার পকেটে যায়। শুধু এলাকাতে নয় দেশের বিভিন্ন স্থানে এমনকি দেশের বাহিরেও তার সম্পদ আছে। আমাদের জানা মতে তার ৮টি গাড়িও আছে। স্থানীয় ইউপি নির্বাচনে বিপুল অর্থের বিনিময়ে মনোনয়ন দেওয়া, দলীয় পদ দিয়ে অর্থ আদায়, কিছু নেতা-কর্মীদের ব্যবহার করে খাস জমি ও পুকুর দখল করে রেখেছেন তিনি।

অভিযোগগুলো অস্বীকার করে এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ এর বিষয়গুলো থাকে কমিটির ওপর। প্রধানমন্ত্রীর কাছে যে কেউ অভিযোগ দিতেই পারেন কিন্তু সেগুলো কতটা সত্য সেটাই বড় বিষয়। যদি অপরাধ করে থাকি তাহলে ব্যবস্থা হবে। রেজিস্ট্রি অফিস থেকে প্রাপ্ত দলিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো সঠিক নয়, কোটি টাকার সম্পদের দলিল তো দূরের কথা কোটি টাকাও আমার নেই। আর নওগাঁ শহরের যে বাসা আছে সেটা ৩১শতক; যেটা ১৯৮৯সালে ক্রয় করা। লোনের মাধ্যমে করা।

এখনও কিছু টাকা ব্যাংক লোন পরিশোধ করা বাঁকি আছে। তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকায় সবাই নির্বিঘ্নে ঠিকাদারি করে থাকে। আর আমার ছেলে আর ভাগিনাও ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত তাই তারাও ছোটখাটো কিছু কাজ করে। সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কিছু বিপদগামী কথিত আওয়ামী লীগ নেতারা এসব মিথ্যা ছড়াচ্ছে বলে এই সংসদ সদস্য দাবি করেন।

 

এইচ/আর