সদ্য প্রকাশিত
নওগাঁ

নিয়ামতপুরে ৭৫ টি কেন্দ্রের মধ্যে ২৩ টি ঝুঁকিপূর্ণ

নিউজ ডেস্ক৫ জানুয়ারি ২০২৪২ মিনিট পড়া
নিয়ামতপুরে ৭৫ টি কেন্দ্রের মধ্যে ২৩ টি ঝুঁকিপূর্ণ
নিয়ামতপুর প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮টি ইউপির ৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩ টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন দিক বিবেচনা করে কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রির্টানিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউপির মোট ৭৫টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ৮টি ইউনিয়নের ৭৫ টি কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে হাজিনগর ইউপির ৮ টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩ টি, চন্দননগর ইউপির ৮ টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩ টি, ভাবিচাতে ১০ টির মধ্যে ঝুঁকিপূর্ণ ২ টি, নিয়ামতপুর সদরে ৮ টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২ টি, রসুলপুরে ১১ টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৫ টি, পাঁড়ইলে ১০ টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩ টি, শ্রীমন্তপুরে ১০ টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১ টি এবং বাহাদুরপুরে ১০ টি কেন্দ্রের মধ্যে ৪ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ইমতিয়াজ মোরশেদ জানান, ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেজন্য পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। এ ছাড়া মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম এবং জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। তিনি আশা করছেন ভোট অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
 তিনি আরও জানান, ভোটের দিন ৭ জানুয়ারি ভোরে ব্যালট পেপার প্রিজাইডিং অফিসারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। সেগুলো ভোটের দিন ভোরে উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদে বিতরণ করা হবে। এজন্য ৮ জন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। প্রসঙ্গত উপজেলায় ২ লক্ষ ৮ হাজার ৪৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।