সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

নানা সমস্যা আর অনিয়ম নিয়ে চলছে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০১৭৩ মিনিট পড়া
নানা সমস্যা আর অনিয়ম নিয়ে চলছে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কামাল হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধি:
নানা সমস্যা, অনিয়ম আর দুর্নীতি নিয়ে চলছে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কার্যক্রম। হাসপাতালে রোগীরা সঠিক ভাবে চিকিৎসা সেবা ও ঔষুধ পায়না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী রোগীরা। ফলে তারা চিকিৎসা সেবা নিতে বাধ্য হচ্ছে স্থানীয় ক্লিনিক গুলোতে । তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নাচোল হাসপাতালের ইউএইচএ ডা. শফিকুল ইসলাম।
জানা গেছে, গত ২০১০ সালের ২১ অক্টোবর নাচোল উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু সে তুলনায় এখনও জনবল নেই। খাবার তালিকায় ৫০শয্যা বিশিষ্ঠ রোগীদের স্থলে ৩১ শয্যা বিশিষ্ঠ রোগীদের খাবার রয়েছে বলে ইউএইচএ জানান।
একটি নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, হাসপাতাল ক্যাম্পাসে বেশ কিছু বহিরাগত বিভিন্ন অফিসের কর্মকর্তা/কর্মচারী বসবাস করছেন। তারা মাসে যে ভাড়া পরিশোধ করেন তা হাসপাতালের কোষাগারে জমা হয়না। অপরদিকে মেডিকেলের ইউএইচএ ডা: শফিকুল ইসলাম ও হেডক্লার্ক (বড়বাবু) হাসপাতালের ক্যাম্পাসের ১ম শ্রেনীর সরকারী কোয়াটারে বসবাস করলেও মাসিক ভাড়া সরকারী কোষাগারে পরিশোধ করেনা বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
হাসপাতালের ডাঃ শফিকুল ইসলাম ৮০দশক থেকে নাচোল হাসপাতালে চাকুরী করে আসছেন। এর মধ্যে কয়েকবার বদলী হলেও প্রমোশন নিয়ে ইউএইচএ হিসেবে আবার তিনি এ হাসপাতালেই রয়েছেন। আর বেশী পূর্বপরিচিত হওয়ার কারনে তিনি অন্যান্য কর্মচারীদের নজরদারিতে রাখতে পারেননা। কর্মচারীরা তাদের নিজ ইচ্ছায় যে যার মতো চলে। ফলে অনেক সময় রোগী জরুরী বিভাগে বসে থাকলেও ডাক্তার পাওয়া যায়না।
হাসপাতালে রোগীরা সঠিক ভাবে চিকিৎসাসেবা ও ঔষুধ পায়না এ অভিযোগ পূরোনো দিনের হলেও কর্তৃপক্ষের এ ব্যাপারে কোন মাথা ব্যাথা নেই। হাসপাতালে অজ্ঞান ডাক্তার নেই দীর্ঘদিন থেকে। আর অন্যান্য ডাক্তাররা ১দিন কাজ করে ২/৩দিন থাকেন মেডিকেলের বাইরে,তারা বিভিন্ন ক্লিনিকে রোগী দেখে বাড়তি আয় করেন। ফলে রোগীরা সঠিক সময়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরকারী নীতিমালায় একজন সরকারী সার্ভিস হোল্ডারকে ২৪ ঘন্টা ষ্টেশনে থাকার নিয়ম থাকলেও এ নিয়ম মানছেনা হাসপাতালের ডাক্তাররা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি সিল্কসিটি নিউজকে জানায়, নাচোল হাসপাতালের ক্যাম্পাসে বেশ ক’জন বহিরাগত পরিবার বসবাস করছেন। এর মধ্যে রয়েছেন উপজেলা হিসাব রক্ষণ অফিসের অফিস সহকারী মোসা: তাহসীনা ও মাস্টারোলে কর্মরত ১জন নারী। উপজেলা শিক্ষা অফিসের ৩জন কর্মচারী, ডেমিয়েন ফাউন্ডেশনের যক্ষা ও কুষ্ঠ বিভাগের ৩জন কর্মচারী, আবুল কালাম আজাদ, শিরিন আক্তারসহ আরেকজন । ২০/২৫ বছর থেকে হাসপাতালে ওয়ার্ড ইনচার্জ এর দায়িত্ব পালন করছেন সুফিয়া নামের সিনিয়র স্টাফ নার্স। তিনি এ হাসপাতালের একজন প্রভাবশালী নেত্রী বলে জানাগেছে। আর তার হুকুমেই চলে মেডিকেলের বিভিন্ন দফতর। তার খবর দারীতে ক্ষুব্ধ মেডিকেলের ডাক্তার, নার্স ও মেডিকেল এ্যাসিস্টেনসহ অন্যান্য কর্মচারীরা।

নাচোল হাসপাতালের হ য ব র ল অবস্থা, অনিয়ম, দুর্নীতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী ।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ কাজী শামীম হোসেন এর সাথে শনিবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন।
স/শ