ভ্রাম্যমান প্রতিনিধি:
নাচোলে একজন স্কুল শিক্ষকের বিরুদ্ধে আদিবাসিদের জমি ভুয়া দলিল করে দখলে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে ক্ষুদ্র ওই নৃ-গোষ্ঠির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে নাচোল ইউনিয়নের রাজবাড়ী হাট এলাকায়।
সরেজমিনে এলাকায় গিয়ে ভূক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোহাম্মদপুর মৌজার আদিবাসিদের প্রায় তিন বিঘা জমি জাল দলিল তৈরি করে দখলে নেয়ার চেষ্টা করছে রাজবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক আ: সালাম।

জমির মালিক শ্রী শামীর নূন, শ্রী দিলজান নূন, শ্রী রঘুনাথ ও ফুলচাঁন জানান, মোহাম্মদপুর মৌজার ৫৫৪ নম্বর দাগে অবস্থিত আমাদের পৈত্রিক সম্পত্তিগুলো আমরা ভোগ দখল করে আসছি। কিন্তু আমাদের তিন বিঘা জমি ১৯৮১ সালে মদন কুমার বারওয়ার নামে জনৈক এক ব্যক্তির নামে জাল করে। পরবর্তীতে সে জমি ১৯৮৯ সালে মদন কুমার তার পিতা শ্রী ভটলার নামে হস্তান্তর করে। শ্রী ভটলার সে জমি ১৯৯১ সালে রাজবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের নামে দানপত্র করেন। তখন বিষয়টি গোপন রাখতে নিয়ামতপুর থেকে দলিল তৈরি করে। জমিগুলোর জাল দলিল তৈরি করায় জমির মালিক শ্রী শামীর নূন, শ্রী দিলজান নূন, শ্রী রঘুনাথ ও ফুলচাঁন বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। যেটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এরই জের ধরে প্রধান শিক্ষক আ: সালামের নেতৃত্বে আদিবাসিদের ওপর হামলা চালায় দূর্বৃত্তরা। এ ঘটনায় শ্রী বাসন্তি রানী, পাবর্তী, দিলজান, সমির, রিপন, রঘু, ফুলচাঁন, গত্তরসহ অনেক আদিবাসি আহত হয়।
এরপর থেকে মাঝে মধ্যেই সালামের লোকজন জমি ছেড়ে দিতে আদিবাসিদের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেছেন প্রকৃত জমির মালিকরা। তাদের দাবি- আ: সালাম জমিগুলো দখল করতে মরিয়া হয়ে উঠেছে। সে নিজেই সুকৌশলে মদন কুমারকে দিয়ে জমিগুলোর জাল দলিল তৈরি করে স্কুলের নামে লিখে নেয়। যেকোন সময় হামলা চালিয়ে উচ্ছেদ করার আশঙ্কা প্রকাশ করছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: সালাম কোন সদুত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।
স/শ









