লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের ২০১৬-২০১৭ মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে। শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।
এ মৌসুমে ২ লক্ষ ৫০ হাজার মে.টন আখ মাড়াই করে ২০ হাজার ৬২৫ মে.টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা এবং ১৪৭ কার্য দিবসে চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৮.২৫ ভাগ বলে জানা গেছে।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এসএম আব্দুল আজিজ।

নর্থ বেঙ্গল সুগার মিল সূত্রে জানা গেছে, এ বছর মাঠে ২১ হাজার ২শ ৮৮ একর জমিতে আখের আবাদ হয়েছে। এর মধ্যে নর্থ বেঙ্গল সুগার মিলের নিজস্ব জমিতে আবাদ হয়েছে ২ হাজার ৩শ ৩৮ একর এবং আখ চাষীদের ১৮ হাজার ৯শ একর আখের আবাদ হয়েছে। এ থেকে ৩ লাখ ৪৫ হাজার ৬শ ৮৯ মে.টন আখ উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এস.এম আব্দুল আজিজ জানান, এবছর ই-গেজেটের মাধ্যেমে আখের পূর্জি বিতরণ এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আখচাষীদের পাওনা টাকা পরিশোধ করা হবে। আখ ক্রয় কেন্দ্রগুলোতে ডিজিটাল ওজন যন্ত্রে (ওজন কাঁটা) চাষীদের কাছ থেকে কেনা আখের ওজন দেওয়া হবে।
স/শ










