সদ্য প্রকাশিত
জয়পুরহাট

জয়পুরহাটে বিএনপির মানববন্ধনে পুলিশের বাধা-লাঠিচার্জ

নিউজ ডেস্ক১২ সেপ্টেম্বর ২০১৯২ মিনিট পড়া
জয়পুরহাটে বিএনপির মানববন্ধনে পুলিশের বাধা-লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট: জয়পুরহাটে বিএনপির মানববন্ধনে বাধা ও লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় দুই জনকে আটকও করে পুলিশ। তবে পরে ছেড়ে দেয়।

দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জয়পুরহাট শাখা এ মানববন্ধন করে। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের ষ্টেশন রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জয়পুরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নাফিজুর রহমান পলাশ বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য শেষ না হতেই পুলিশ আকস্মিকভাবে তাতে বাঁধা প্রদান করে। এসময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়। পুলিশ লাঠিচার্জ করে। ঘটনাস্থল থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেল হক ও জেলা যুবদলের সহ-সাধরাণ সম্পাদক রিপন আকন্দকে আটক করে থানায় নিয়ে যায় এবং কিছুক্ষণ পর আবার ছেড়ে দেয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ জানান, শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাধা দিয়েছে এবং অফিসের বারান্দা থেকে নেতা-কর্মীদের রাস্তায় নামতে দেয়নি। এ সময় নেতাকর্মীরা জটলা করলে পুলিশ কয়েকজনের উপর লাঠিচার্জ করে বিএনপি ও যুবদলের দুই নেতাকে আটক করে। পরে তাদেরকে ছেড়ে দেয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রায়হান হোসেন বলেন, মানববন্ধন শেষে নেতাকর্মীরা হইচই শুরু করলে দুই জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

স/শা