শফিকুল ইসলাম:
যুদ্ধাপরাধিদের বিচারের রায় কার্যকরের জন্য সরকাকে ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে জয়পুরহাট পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে বুধবার নানা কর্মসূচীর আয়োজন করা হয়। এতে মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।

জয়পুরহাট পাক হানাদার মুক্ত ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে হাজারো শহীদের বধ্যভুমি পাগলা দেওয়ান স্মৃতিসৌধে পুষ্প্যমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
জেলা প্রশাসক আব্দুর রহিমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম সোলাইমান আলী, জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার আমজাদ হোসেন। জয়পুরহাট লাইব্রেরী ও ক্লাবের সাধারন সম্পাদক রাজা চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক আমিনুল হক বাবুল, চকবরকত ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, প্রত্যক্ষদর্শী মোজাম্মেল হক বক্তব্য রাখেন।
১৯৭১ সালের এই দিনে পাক হানাদারদের হটিয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে শত শত মুক্তিযোদ্ধা ১৪ ডিসেম্বরের ভোরের আকাশ রাঙ্গিয়ে ওঠার আগেই শীতের কুয়াশা ছিন্ন ভিন্ন করে ঝাঁক ঝাঁক ফাঁকা গুলি বর্ষণের মধ্য দিয়ে জয়পুরহাটের ডাক বাংলোতে প্রবেশ করে।
জয়পুরহাটের ডাক বাংলোতে ’আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ গানের মধ্য দিয়ে প্রথম স্বাধীনতার বিজয় কেতন সোনালী বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার আসাদুজ্জামান (বাঘা বাবলু)।
জয়পুরহাটে পাকবাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধের ৯ মাস ব্যাপী দেশের বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এসে ১০ হাজারের বেশী মানুষকে ব্যানট দিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যা করে এই পাগলা দেওয়ানে।
এখানে শুয়ে আছে কত মায়ের অজানা সন্তান। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় বদ্ধভূমি এই পাগলা দেওয়ান। এখানে পাক হানাদার বাহিনীর একটি পরিত্যাক্ত বাংকার এখনও বিদ্যমান। এই নারকীয় হত্যাযজ্ঞ থেকে প্রাণে বেঁচে আসা অনেকেই এখনও সেই শোকাবহ স্মৃতি বহন করছেন। এছাড়াও কড়ই কাদিপুর গ্রামে ৩শ ৭১ জন মৃৎ শিল্পী (কুমার) কে গুলি করে হত্যা করে পাক হানাদার বাহিনী। জয়পুরহাটের গণহত্যার নায়ক ও তৎকালিন শান্তি কমিটির চেয়ারম্যান যুদ্ধাপরাধি আব্দুল আলীমের আমৃত্যু সাজা হওয়ায় (বর্তমানে মৃত্য) বিজয় দিবসের নানা কর্মসূচী পালিত হচ্ছে ভিন্ন আমেজে বলে জানালেন মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার আমজাদ হোসেন।
স/অ










