সিল্কসিটিনিউজ ডেস্ক :
আমাদের চারপাশে এমন অনেকেই আছেন যারা অনেক কিছু জানেন, কিন্তু কাজের বেলায় গিয়ে হিমশিম খান। আবার অনেকে খুব ভালো কাজ পারেন, কিন্তু দরকারি তথ্যগুলো ঠিকমতো জানেন না। কর্মক্ষেত্রে বা বাস্তব জীবনে সফল হতে হলে এই ‘জানা’ এবং ‘করতে পারা’—এই দুটির মধ্যে একটা ভারসাম্য থাকা খুব জরুরি।
ক্যাশিয়ার যখন কোনো পণ্যের নম্বর মুখস্থ বলতে পারেন, সেটা হলো তার স্মৃতি বা জ্ঞান।

কিন্তু যখন অনেক ভিড়ের মধ্যে তিনি মাথা ঠাণ্ডা রেখে দ্রুত কাজ করেন কিংবা একজন বিরক্ত কাস্টমারকে বুঝিয়ে শান্ত করেন, সেটা হলো তার আসল গুণ বা দক্ষতা। বর্তমানে করপোরেট বিশ্বে সফল হতে এই জ্ঞান ও দক্ষতার সঠিক সমন্বয় থাকা জরুরি।
জ্ঞান বনাম দক্ষতা : পার্থক্য কোথায়?
সহজ কথায়, জ্ঞান হলো আপনি যা জানেন, আর দক্ষতা হলো আপনি যা করতে পারেন।
জ্ঞান হলো তাত্ত্বিক তথ্য।
যেমন—কম্পানির নিয়মকানুন জানা বা পণ্যের দাম মনে রাখা। কোনো কিছু ভুলে গেলে আপনি বই দেখে বা ইন্টারনেটের সাহায্য নিয়ে তা জেনে নিতে পারেন।
দক্ষতা হলো অর্জিত অভিজ্ঞতা যা দেখে বোঝা যায়। যেমন—একজন সেলসম্যান কত সুন্দর করে কথা বলছেন বা একজন টেকনিশিয়ান কত দ্রুত একটি যন্ত্র মেরামত করছেন।
দক্ষতা হুট করে অর্জন করা যায় না, এর জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন।
কেন দুটিই সমান গুরুত্বপূর্ণ?
অনেকে মনে করেন শুধু বই পড়ে সব শিখে ফেলা সম্ভব। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। একজন কর্মী যদি কম্পানির রিটার্ন পলিসি মুখস্থ জানেন (জ্ঞান), কিন্তু রাগী গ্রাহকের সঙ্গে কথা বলার সময় ধৈর্য না হারান (দক্ষতা)—তবেই তিনি সফল। শুধু জ্ঞান থাকলে কাজে গতি আসে না, আবার শুধু দক্ষতা থাকলে ভুলের ঝুঁকি বাড়ে।
প্রতিষ্ঠানগুলোর জন্য পরামর্শ
আধুনিক কর্মীবাহিনী গড়ে তুলতে কোম্পানিগুলোকে কিছু বিষয়ের ওপর জোর দিতে বলা হয়েছে।
১। প্রয়োজনীয় তথ্যে জোর দেওয়া: কর্মীদের এমন তথ্য আগে শেখানো উচিত যা তাদের প্রতিদিন কাজে লাগে।
২। হাতে-কলমে অনুশীলন: শুধু ভিডিও বা বই পড়ে শেখার চেয়ে হাতে-কলমে কাজ করলে দক্ষতা দ্রুত বাড়ে।
৩। প্রযুক্তির সঠিক ব্যবহার: প্রয়োজনীয় তথ্য মনে রাখার জন্য এআই বা ডিজিটাল এসিস্ট্যান্টের সাহায্য নেওয়া যেতে পারে, কিন্তু মানুষের কাজ করার দক্ষতাকে প্রযুক্তি দিয়ে পুরোপুরি প্রতিস্থাপন করা সম্ভব নয়।
জ্ঞান এবং দক্ষতা একই মুদ্রার দুই পিঠ। ভালো পারফরম্যান্সের জন্য কর্মীদের যেমন সঠিক তথ্য জানতে হবে, তেমনি সেই তথ্য বাস্তবে প্রয়োগ করার ক্ষমতাও অর্জন করতে হবে।
সূত্র : এক্সনিফাই










