
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যা মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোখলেসুর রহমান জামিন পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী রইস উদ্দিন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দেশের উচ্চ আদালত বা হাইকোর্ট থেকে তিনি এই জামিন লাভ করেন। বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহীদ নুরুদ্দীনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ পৌর মেয়র মোখলেসুর রহমানের জামিনের এই আদেশ প্রদাণ করেন। এর আগে উচ্চ আদালত থেকে পাওয়া অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হলে ৬ই জুন তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কারাবন্দির ৪ মাস ১৩ দিন পর উচ্চ আদালত থেকে জামিন পেলেন মেয়র মোখলেসুর রহমান।
এ বিষয়ে এ্যাডভোকেট মো. রইস উদ্দীন বলেন, সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যা মামলায় বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে আছেন পৌর মেয়র মো. মোখলেসুর রহমান। বৃহস্পতিবার তার জামিন হয়েছে। এখন জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছলে তিনি মুক্ত হতে পারবেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১৯শে এপ্রিল সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় এলাকার একটি হোটেল থেকে ইফতারি কিনে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন খাইরুল আলম জেম। এ ঘটনায় নিহতের বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে মোখলেসুর রহমানকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেন।








