ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর তীর থেকে গেল ১৭ ডিসেম্বর শনিবার দুপুরে অজ্ঞাত ব্যক্তির উদ্ধারকৃত লাশের ৬ দিনেও কোন সুরাহা মেলেনি।
জানা গেছে,উদ্ধারকৃত লাশটি ভারতীয় গরুর রাখালের। নিয়ম অনুসারে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ বাংলাদেশে ভারতীয় দুতাবাসের মাধ্যমে ভারতীয় পুলিশকে বিষয়টি অবহিত করেছেন বলে থানা পুলিশ জানিয়েছেন। কিন্তু গেল ৬ দিনেও ভারতীয় পুলিশের কাছ থেকে লাশ গ্রহণের ব্যাপারে কোন প্রকার সংবাদ আসেনি বলেও জানিয়েছেন থানা পুলিশ।

পুলিশ আরও জানায়, মরদেহটি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
বিভিন্ন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানিয়েছেন- উদ্ধারকৃত মৃত ব্যক্তি ভারতের মালদাহ জেলার বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর গ্রামের কাশিম শেখের ছেলে মানিকুল শেখ (৪২)। সে একজন গরুর রাখাল বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর রাতে পদ্মা নদীতে গরু নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় প্রচন্ড শীতে সে মারা যায় ধারণা করা হয়। তার লাশ ভেসে গোদাগাড়ী এলাকার পদ্মা নদীর কিনারায় পড়ে থাকে। খবর পেয়ে বাংলাদেশি গরু ব্যবসায়ীরা তার লাশ উদ্ধার করে নিয়ে এসে উপজেলার উজিরপুর ইউনিয়নের পদ্মা নদীর তীর তেলিপাড়া এলাকায় ফেলে রাখে।
খবর পেয়ে থানা পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। গেল ১৭ ডিসেম্বর শনিবার দুপুরে ৩-৪ জন ব্যক্তি একটি কালো মাইক্রোবাসে করে মরদেহটি উজিরপুরের পদ্মা নদীর তীর তেলিপাড়া নামক স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।
তবে লাশ উদ্ধার ও ফেলে যাওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উপজেলার সাতরশিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মিজানুর রহমান নিপুল (২৫) কে থানায় নিয়ে আনা হয়।
স/শ









