সদ্য প্রকাশিত
কৃষি

চাল উৎপাদন বাড়লেও কমবে সবজির

নিউজ ডেস্ক৭ এপ্রিল ২০১৮৪ মিনিট পড়া
চাল উৎপাদন বাড়লেও কমবে সবজির

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বোরো উৎপাদন এক দশকের মধ্যে সর্বনিম্নে নেমে আসে গত অর্থবছর। এর প্রভাব পড়ে মোট চাল উৎপাদনে। ২০১৬-১৭ অর্থবছর দেশে চালের উৎপাদন আগের অর্থবছরের চেয়ে ৯ লাখ ১১ হাজার টন কমে যায়। তবে চলতি অর্থবছর এমনটা হবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব বলছে, ২০১৭-১৮ অর্থবছর চালের উৎপাদন ১১ লাখ ৬২ হাজার টন বাড়তে পারে। যদিও আশঙ্কা জাগাচ্ছে সবজি। দেশে সবজির উৎপাদন এবার গত অর্থবছরের তুলনায় ১ লাখ ৭২ হাজার টন কমতে পারে বলে প্রাক্কলন করেছে বিবিএস।

২০১১-১২ অর্থবছরে দেশে মোট চালের উৎপাদন ছিল ৩ কোটি ৩৮ লাখ ৮৯ হাজার টন। পরের অর্থবছরে তা নেমে আসে ৩ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার টনে। এরপর ২০১৩-১৪ অর্থবছরে ৩ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার টন, ২০১৪-১৫ সালে ৩ কোটি ৪৭ লাখ ১০ হাজার ও ২০১৫-১৬ অর্থবছরে ৩ কোটি ৪৭ লাখ ৮ হাজার টন চাল উৎপাদন হয়। অন্যদিকে হাওড়াঞ্চলের আকস্মিক বন্যায় বোরো ধানের আবাদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উত্তর ও দক্ষিণাঞ্চলের বেশকিছু জেলায় ধানক্ষেতে ছত্রাকের আক্রমণে (নেক ব্লাস্ট) উৎপাদনশীলতা কমে আসে, যার নেতিবাচক প্রভাব পড়ে চালের সার্বিক উৎপাদনে। গত অর্থবছরে দেশে চাল উৎপাদন নেমে আসে ৩ কোটি ৩৭ লাখ ৯৭ হাজার টনে। তবে এ পরিস্থিতি কাটিয়ে চলতি অর্থবছরে দেশে ৩ কোটি ৪৯ লাখ ৫৯ হাজার টন চাল উৎপাদন হবে বলে প্রাক্কলন করেছে বিবিএস।

দেশে চলতি অর্থবছরে চালের উৎপাদন সম্ভাবনা নিয়ে বিবিএসের প্রাক্কলন আশাজাগানিয়া হলেও সবজির উৎপাদন সম্ভাবনা নিয়ে খুব একটা আশাবাদী নয় সংস্থাটি। বিবিএসের হিসাব অনুযায়ী, গত অর্থবছরে দেশে মোট সবজি উৎপাদন হয়েছিল ৩৬ লাখ ৭২ হাজার টন। সেখান থেকে ১ লাখ ৭২ হাজার টন কমে তা চলতি অর্থবছরে ৩৫ লাখ টনে নেমে আসবে বলে প্রাথমিক হিসাব করেছে বিবিএস। এর আগে ২০১৫-১৬ অর্থবছরে দেশে মোট সবজি উৎপাদন হয়েছিল ৩৬ লাখ ৬১ হাজার টন।

এ বিষয়ে কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সাবেক নির্বাহী চেয়ারম্যান ড. ওয়ায়েস কবীর বলেন, গ্রীষ্মকালীন সবজিতে আবহাওয়াগত ঝুঁকি সবচেয়ে বেশি। উৎপাদন মৌসুমের শুরুতেই জমির পানির স্তর অনেক নিচে নেমে যায়, ফলে উৎপাদনশীলতা বাড়াতে সেচের জন্য খরচও করতে হয়। এটি যারা পারে না, তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া যায় না। আবার সবজি ওঠার সময় প্রাকৃতিক দুর্যোগ; বিশেষ করে বন্যা ও ঝড়ের প্রভাব পড়ে, ফলে ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের। পাশাপাশি বীজ ও চাষ পদ্ধতিতে উন্নত প্রযুক্তির ঘাটতি তো রয়েছেই। এছাড়া দেশে সবজিতে পোস্ট হারভেস্ট লস এখনো উচ্চপর্যায়ে রয়েছে। তাই আবাদ ও উৎপাদন বাড়াতে সমভূমির চাষের জমিতে, বাড়ির আঙিনায়, ছাদে, জলাভূমিতে মাচায়, ঘরের চালে, চর ভূমিতে, উপকূলীয় অঞ্চলে আবাদ, ভাসমান ও হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি চাষ করা যেতে পারে। এজন্য কৃষকদের প্রশিক্ষণ ও ভালো বীজ সম্পর্কে ধারণা দেয়ার পাশাপাশি উন্নত চাষ পদ্ধতি ও প্রযুক্তি কৃষকের কাছে দ্রুত পৌঁছাতে হবে।

জানা গেছে, দেশে বর্তমানে মোট প্রায় ১৩০ ধরনের সবজি আবাদ হচ্ছে। এর মধ্যে প্রধান হিসেবে ৩৫টি ও অপ্রধান সবজি হিসেবে ৪০টিকে চিহ্নিত করা হয়েছে। বাকিগুলোকে অভিহিত করা হচ্ছে স্বল্প পরিচিত সবজি হিসেবে।

বিবিএসের এ প্রাক্কলনের সঙ্গে দ্বিমত পোষণ করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক মোহাম্মদ মহসীন তিনি বলেন, চলতি অর্থবছরে সবজি উৎপাদন হ্রাস পাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। ধানের পাশাপাশি অধিকাংশ সবজির আবাদ এলাকা বেড়েছে। এছাড়া মাঠে ফসলের পরিস্থিতিও এখন পর্যন্ত বেশ সন্তোষজনক। ফলে ধানের পাশাপাশি সবজি উৎপাদন বেশ বাড়তে পারে। আবহাওয়া পরিস্থিতি অনুকূল থাকলে দেশে এবার ধান ও সবজি দুটোরই বাম্পার ফলন হবে বলে আশা করা যায়।

অন্যদিকে সবজি উৎপাদন চাহিদার তুলনায় এখনো প্রায় অর্ধেক। এ অবস্থায় জনগণের পুষ্টি ও কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের জন্য বাণিজ্যিকভাবে সবজি চাষ বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, চালের চাহিদা ও উৎপাদনে কিছুটা ভারসাম্য থাকলেও সবজি উৎপাদন কমার কারণে আমাদের মাথাপিছু সবজি সরবরাহ এখনো অনেক কম। একজন মানুষের দৈনিক খাদ্যতালিকায় সবজি প্রয়োজন ২১৩ গ্রাম। এর বিপরীতে গড়ে পাওয়া যাচ্ছে ১৬০ গ্রাম।