আন্তর্জাতিক

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮ জন নিহত

নিউজ ডেস্ক১৭ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাট্টার ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এক প্রতিবেদনে সামা টিভি বলছে, হারিপুরে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেড পরিচালিত একটি পাইপলাইনে গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুন দ্রুত পাশের একটি বস্তি এলাকায় ছড়িয়ে পড়ে, ঘরবাড়ি পুড়ে যায় এবং বাসিন্দাদের আটকে যায়।

ডেপুটি কমিশনার ওয়াসিম আহমেদের তথ্য অনুযায়ী, এ ঘটনায় আটজন নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য—যাদের মধ্যে তিন শিশু, দুই কিশোরী, দুই বৃদ্ধা নারী এবং একজন পুরুষ রয়েছেন।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযানে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেখানে আর কেউ আটকা নেই।

ঘটনার পরপরই অ্যাবোটাবাদ, মানসেহরা, সোয়াবি, মারদান, চারসাড্ডা, ওয়াহ ক্যান্ট ও ট্যাক্সিলা থেকে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

রেসকিউ ১১২২-এর নেতৃত্বে দমকলকর্মীরা কয়েক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করেন এমএস ডা. মুনাওয়ার আফ্রিদি, ডিপিও শফিউল্লাহ গুন্ড এবং সহকারী কমিশনার ফাসিহ ইশাক আব্বাসি।

 

প্রতিবেদনে আরও বলা হয়, আগুন নিয়ন্ত্রণে আনতে মূল গ্যাস পাইপলাইনের ভালভ বন্ধ করা হয়। তবে লাইনে উচ্চচাপ থাকার কারণে আগুন কমতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে।