আন্তর্জাতিক

স্কুলছাত্রীর ‘দুষ্টুমিতে’ ফ্লাইটে বোমা আতঙ্ক!

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শিক্ষা সফর শেষে ফেরার পথে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দুষ্টুমি করে বলেছিলেন, তাদের বহন করা উড়োজাহাজে বোমা রয়েছে—১২ বছর বয়সী স্কুলছাত্রীর এই খবরে পুরো উড়োজাহাজে তৈরি হয়েছে আতঙ্ক। শুধু তাই নয়, এ ঘটনায় বিমানবন্দরে নিরাপত্তা সতর্কতাও জারি করা হয়েছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, রবিবার ভারতের আহমেদাবাদ থেকে হায়দরাবাদগামী একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। বিমানটি অবতরণের পর ব্যাপক নিরাপত্তা তল্লাশি চালানো হয়। শেষে বিষয়টি ওই ছাত্রীর দুষ্টুমি বলে প্রমাণিত হয়।

পুলিশ জানায়, সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী স্কুলের শিক্ষা সফর শেষে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে হায়দরাবাদে ফিরছিল। উড়োজাহাজে বোমা রয়েছে বলে সে সহপাঠীদের জানায়। বিষয়টি শুনে কেবিন ক্রুর এক সদস্য পাইলটকে সতর্ক করেন।

উড়োজাহাজটি অবতরণের পর ব্যাপক নিরাপত্তা তল্লাশি চালানো হয়।

তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পুলিশের এক কর্মকর্তা বলেন, ছাত্রীটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। মেয়েটি না বুঝেই কথাটি বলেছিল এবং কাউকে হুমকি দেওয়ার কোনো উদ্দেশ্য তার ছিল না।