জাতীয়

কুড়িগ্রামে সারের গুদামে কৃষকদের হট্টগোল, লুটের অভিযোগ

নিউজ ডেস্ক১৬ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুড়িগ্রামের চর রাজিবপুরে ডিলারের গুদাম থেকে কৃষকদের জোর করে সারের বস্তা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজিবপুর বাজারের মেসার্স শফিউর রহমানের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।

কৃষকদের অভিযোগ, ভোর থেকে গুদামের সামনে সার নিতে অপেক্ষা করলেও নির্ধারিত সময়ে বিতরণ শুরু হয়নি।

এদিকে ডিলার বাড়িতে বসে কিছু কৃষককে সারের স্লিপ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা গুদামে ঢুকে কয়েক বস্তা সার নিয়ে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ডিলার শফিউল রহমান দাবি করেন, গুদামে ৫০০ বস্তা ইউরিয়া ছিল। স্লিপধারী কৃষকদের সার নিতে বাধা দেওয়ার পর কিছু ব্যক্তি গুদামে হামলা করে সার নিয়ে যান।

তবে কত বস্তা নিয়েছেন তার হিসাব নাই।
তবে উপজেলা প্রশাসন সার লুটের ঘটনা অস্বীকার করেছে। রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউএনও সায়েকুল হাসান খান বলেন, কিছু কৃষক বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সুষ্ঠুভাবে সার বিতরণ করা হয়েছে।

অনিয়মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
রাজিবপুর থানার ওসি শাহীনুর আলম বলেন, সার লুটের চেষ্টা হয়েছিল, তবে তা প্রতিহত করা হয়েছে।