সিল্কসিটিনিউজ ডেস্ক: কথায় বলে মদের নেশা সর্বনাশা। তাই বলে মদ না পেয়ে কেউ যে গোখরোর ছোবল খেতে পারে, বড় বড় নেশাড়ুরাও তা হয়তো বিশ্বাস করবেন না।
কিন্তু নিজ নিজ ‘কীর্তিতে’ কত নেশারুই তো বিখ্যাত হয়েছেন। কারও প্রাণ গিয়েছে, কেউ সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন। বিহারের লালন সিংহও যে কীর্তি গড়লেন, তাতে দেশের তামাম নেশাড়ুরাও তাঁকে সম্ভ্রমের চোখে দেখতে বাধ্য হবেন বই কি!
বিহারে মদ নিষিদ্ধ হয়েছে অনেক দিন হল। যাঁদের পকেটের জোর আছে, সেই নেশারুরা চোরা পথে কয়েকগুন বেশি দাম দিয়ে মদের বন্দোবস্ত করে নিচ্ছেন। কিন্তু যাঁদের সেই উপায়, নেই তাঁরা বাধ্য হয়েই বিকল্প নেশার ব্যবস্থা করে নিয়েছেন। সেরকমই এক ‘হতভাগ্য’ সুরাপ্রেমী সমস্তিপুরের বাসিন্দা রানা তপেশ্বর সিংহ ওরফে লালন সিংহ।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লালন সিংহ নামে এই ব্যক্তি মদ নিষিদ্ধ হওয়ার পরে প্রায় দিশেহারা হয়ে গিয়েছিলেন। নেশার তাগিদে কয়েকদিন বিশেষ একটি ট্যাবলেট খান তিনি। তার পরে নিজের দু’একজন পরিচিত নেশাড়ুর পরামর্শে একটি গোখরো সাপ জোগাড় করেন। বাড়ির কাছেই একটি ঝোপের আড়ালে প্লাস্টিকের বড় কৌটোয় সেই সাপটিকে রেখে দিতেন লালন।
হাতের কাছে মদ নেই, তাই যখনই নেশা করার ইচ্ছে হত, তখনই ওই কৌটোর মধ্যে নিজের আঙুল ঢুকিয়ে দিতেন লালন। সঙ্গে সঙ্গে সাপটি আঙুলে কামড়ে দিত। লালনের কথায়, গোখরোর ছোট্ট এক ছোবলেই যেন এক বোতল বিদেশি মদের নেশা হয়ে যেত তাঁর। যার জের থাকত প্রায় দু’দিন।
প্রায় নিখরচায় এমন নেশা করে দিন বেশ ভালই কাটছিল লালনের। খাওয়ার জন্য গোখরোটিকে কৌটোয় দু’-একদিন অন্তর ব্যাঙ ছেড়ে দিতেন লালন। গোখরোও ছোট ছোট ছোবল মেরে লালনের নেশা চড়িয়ে দিত। বাড়ির লোকজন ভাবতেন, লুকিয়ে-চুরিয়ে লালন মদ খেয়ে বেহুঁশ হয়ে আছে।
সবই দিব্যি চলছিল, কিন্তু গোখরোর মেজাজ বিগড়ে গিয়েই বিপত্তি বাধল। গত ৬ তারিখ ফের ছোবল খাওয়ার জন্য গোখরোর সামনে আঙুল দেন লালন। কিন্তু ব্যাঙ না পেলে গোখরোই বা এমনি এমনি বিষ খরচা করবে কেন! জানা গিয়েছে, কয়েকদনি ধরে সাপটিকে ব্যাঙ খেতে দেননি লালন। ফলে, খিদের পেটে গোখরোর মেজাজ বেজায় বিগড়ে ছিল। মুখের সামনে লালনের আঙুল পেয়ে ব্যাঙ ভেবে কি না জানা নেই, সেদিন একেবারে আঙুল ধরে জোর কামড় দেয় সাপটি।
বিপত্তি যে কিছু একটা হয়েছে, নেশার ঘোরে লালনও তা বুঝতে পেরেছিলেন। কিন্তু দু’ পাত্তর বেশি খেয়ে নেওয়ার মতো বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি তিনি। বরং নেশা কমাতে সঙ্গে সঙ্গে স্নান করে নেন লালন। তার পরেও অবশ্য তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।










