সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২৪

নিউজ ডেস্ক২ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২৪

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউক্রেনের ড্রোন হামলায় শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের একটি হোটেল ও ক্যাফেতে নতুন বছর উদযাপন চলাকালে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) খেরসন অঞ্চলের রাশিয়া-নিয়োগপ্রাপ্ত গভর্নর ভ্লাদিমির সালদো প্রথমে টেলিগ্রামে এক বিবৃতিতে এ দাবি করেন। পরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও শীর্ষ রাজনীতিকরা ইউক্রেনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ তোলেন। তবে ইউক্রেন বরাবরই বলে আসছে, তারা বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না।

বিবৃতিতে সালদো জানান, উপকূলীয় গ্রাম খোরলিতে নতুন বছর উদযাপনের স্থানে তিনটি ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে। তিনি একে বেসামরিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃত হামলা বলে উল্লেখ করেন এবং বলেন, বহু মানুষ আগুনে পুড়ে মারা গেছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রাথমিক তথ্যে ২৪ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হওয়ার খবর মিলেছে। এতে কোনো সন্দেহ নেই যে হামলাটি আগেভাগে পরিকল্পিত ছিল এবং ড্রোনগুলো ইচ্ছাকৃতভাবে নতুন বছরের উদযাপনে জড়ো হওয়া বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছে। তারা একে যুদ্ধাপরাধ বলে আখ্যা দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, ইউক্রেনের পশ্চিমা সমর্থকরাই শেষ পর্যন্ত এ ঘটনার জন্য দায়ী। রাশিয়ার সংসদের উভয় কক্ষের স্পিকারসহ শীর্ষ রাজনীতিকরাও কিয়েভের নিন্দা জানান।

খেরসন ইউক্রেনের সেই চারটি অঞ্চলের একটি, যেগুলো রাশিয়া ২০২২ সালে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে—যা কিয়েভ ও অধিকাংশ পশ্চিমা দেশ অবৈধ দখল হিসেবে প্রত্যাখ্যান করেছে।

এদিকে বৃহস্পতিবার রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থাকে দেওয়া এক বক্তব্যে ইউক্রেনের এক সামরিক মুখপাত্র বলেন, তারা কেবল শত্রু সামরিক লক্ষ্যবস্তু, জ্বালানি ও জ্বালানি অবকাঠামোসহ অন্যান্য বৈধ লক্ষ্য আঘাত করে।

এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, তারা রাতে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের ইলস্কি তেল শোধনাগারে হামলা চালিয়েছে এবং এর ফলাফল যাচাই করা হচ্ছে। একই সঙ্গে টেলিগ্রামে দেওয়া আরেক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার তাতারস্তান অঞ্চলের আলমেতিয়েভস্ক তেল স্থাপনাতেও তারা আঘাত হেনেছে।

আলমেতিয়েভস্ক স্থাপনাটি ইউক্রেনের নিকটতম সীমান্ত থেকে প্রায় ৯৬৫ কিলোমিটার (৬০০ মাইল) দূরে, এমনকি বর্তমানে কিয়েভের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকেও আরও দূরে অবস্থিত।