ভ্রাম্যমান প্রতিনিধি:
আজ ১৫ ডিসেম্বর মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর, গোলাম নবী সাটুসহ নাম না জানা লক্ষ শহীদ মরণপন যুদ্ধ করে ও বুকের রক্ত দিয়ে পাক- হানাদার বাহিনী ও তাদের দোশর রাজাকার-আলবদর-আল শামস বাহিনীর কবল থেকে চাঁপাইনবাবগঞ্জকে মুক্ত করে।
চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে ঝাপিয়ে পড়ার জন্য বঙ্গবন্ধুর প্রথম বার্তাটি নিয়ে আসেন তৎকালীন বুয়েট ছাত্রলীগ নেতা শহীদ গোলাম নবী সাটু। সে সময় তৎকালীন তরুণ ডা. মেশবাহুল হক বাচ্চু, ডা. মইন উদ্দিন আহমেদ মন্টু, এমএনএ হাজী রইশুদ্দিন মিয়া, খালেদ আলী মিয়া ও এ্যাডভোকেট হামিদুর রহমান হেনাসহ বেশ কিছু উদীয়মান তরুণ এলাকার মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জিবীত করেন এবং শুরু হয় মুক্তিযুদ্ধ।

মুক্তিযুদ্ধ চলাকালীন ৭নং সেক্টরের অধীন চাঁপাইনবাবগঞ্জ মহকুমায় ছিল ২টি সাব সেক্টর। একটি মোহদিপুর সাব সেক্টর অন্যটি দলদলী সাব সেক্টর। মোহদিপুর সেক্টরের দায়িত্বে ছিলেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর এবং দলদলী সাব সেক্টরের দায়িত্বে ছিলেন লেঃ রফিক। মুক্তিযুদ্ধ চলার এক পর্যায়ে ৭ নভেম্বর লেঃ রফিকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা মকরমপুর ও আলী নগর পাক ঘাটিতে অতর্কিত আক্রমন চালালে ৫ পাক সেনা নিহত ও অন্যরা মহানন্দা নদী পার হয়ে পালিয়ে যায়।

অপরদিকে ১০ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা চর বাগডাঙ্গা থেকে চাঁপাইনবাবগঞ্জ শহর দখলের জন্য অগ্রসর হয় এবং পাক সেনাদের বাংকার দখল করে নেয়। ১৩ ও ১৪ ডিসেম্বর যুদ্ধের তীব্রতা বেড়ে যায় এবং ১৩ ডিসেম্বর সাড়াশী আক্রমনে পাকসেনারা চাঁপাইনবাবগঞ্জ শহর ছেড়ে পালিয়ে যায় এবং শহরের নিয়ন্ত্রণ নেয় রাজাকার ও আলবদর বাহিনী। সেই দিন রাতে হরিপুর ব্রিজের কাছে সংঘটিত যুদ্ধে শহীদ হন ইপিআর নায়েক নবির উদ্দীনসহ ৯জন গ্রামবাসী। ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর, এমপিএ ডাঃ আ.আ.ম মেসবাহুল হক ও এমপিএ ডাঃ মইন উদ্দীন আহম্মেদ মন্টু ডাক্তারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা শহরের উপকন্ঠ বারঘরিয়া মহানন্দা পাড়ে উপস্থিত হন। ক্যাপ্টেন জাহাঙ্গীর তার বিশাল বাহিনীকে ৩ ভাগে ভাগ করে চাঁপাইনবাবগঞ্জ শহর দখলের জন্য আক্রমন শুরু করেন।

১৪ ডিসেম্বর ভোর রাতে তিনি একটি ছোট নৌকা নিয়ে মহনন্দা নদী পার হয়ে এসে রেহাইচর গ্রামে অবস্থান গ্রহণ করে শত্রুদের লক্ষ্য করে গুলী বর্ষন করতে করতে সামনের দিকে সামনের দিকে এগুতে থাকেন। রাতের আধার পুরোপুরি কেটে যাওয়ার আগেই পার্শ্ববর্তী একটি বাড়ীর জানালা থেকে রাজাকার বাহিনীর নিক্ষিপ্ত একটি বুলেট ক্যাপ্টেন জাহাঙ্গীরের কপালে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি শহীদ হন। পরবর্তীতে তার রনাঙ্গনের সাথী মুক্তিযোদ্ধারা তার লাশ উদ্ধার করে প্রাচীন গৌড়ের রাজধানী সোনামসজিদে নিয়ে গিয়ে সমাহিত করেন।
১৫ই ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধাদের সাড়াশী আক্রমনে রাজাকার আলবদর বাহিনী পিছু হটলে এমপিএ ডাঃ আ.আ.ম মেসবাহুল হক, এমপিএ ডাঃ মইনউদ্দীন আহম্মেদ মন্টু ডাক্তার, মেজর গিয়াস, লেঃ রফিক, লেঃ কাইউম তাদের বাহিনী নিয়ে শহরে প্রবেশ করেন এবং চাঁপাইনবাবগঞ্জ শত্রুমুক্ত হয়।
স/শ









